ওয়াক্ফ: অন্তর্বর্তী আদেশে এসডিপিআই-এর উদ্বেগ প্রকাশ
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর:
ভারতের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া বা ‘এসডিপিআই’-এর সর্বভারতীয় সহ-সভাপতি শারফুদ্দিন আহমদ ওয়াক্ফ সংশোধনী আইন বিষয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দলের মতে, অন্তর্বর্তী আদেশটি মুসলিম সমাজের ধর্মীয় সাংবিধানিক অধিকার ও মর্যাদাকে পুরোপুরি সুরক্ষা দিতে পারেনি।কারণ, এতে কেবলমাত্র আইনের কিছু ধারাকে স্থগিত করা হয়েছে। কিন্তু বহু বিপজ্জনক ধারা বহাল রাখা হয়েছে। উল্লেখ্য, এসডিপিআই-এর আর এক জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শাফি সুপ্রিম কোর্টে ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অন্যতম আবেদনকারী।
কিছু শর্ত স্থগিত হওয়ায় আংশিক স্বস্তি পাওয়া গেলেও আইনের নিম্নলিখিত ধারাগুলো এখনো ওয়াক্ফ ব্যবস্থার ওপর গুরুতর হুমকি হয়ে রয়ে গেছে বলে মনে করছে এসডিপিআই। সেগুলো হল- ওয়াক্ফ বিষয়ক মামলায় সীমা আইন (Limitation Act) প্রযোজ্য করা, ব্যবহারজনিত ওয়াক্ফ (Waqf by user) বাতিল করা, তফসিলভুক্ত এলাকায় (Scheduled Areas) নতুন ওয়াক্ফ সৃষ্টিতে নিষেধাজ্ঞা। এসডিপিআই এই মর্মে দুঃখ প্রকাশ করেছে যে, রাজ্য ওয়াক্ফ বোর্ড এবং জাতীয় ওয়াক্ফ কাউন্সিলে অমুসলিমদের অন্তর্ভুক্তির ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। দলটির মতে, এটি অত্যন্ত হতাশাজনক এবং অন্যায্য সিদ্ধান্ত। এটি মোটেও পূর্ণ বিজয় নয়। কারণ, সামগ্রিক স্থগিতাদেশ না দেওয়ায় আইনের বিষাক্ত দিকগুলো যথারীতি বহাল থাকছে।
জাতীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শারফুদ্দিন আহমদ সতর্ক করেছেন যে, ওয়াক্ফ সম্পত্তির বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের মতো ধারা, যা ঐতিহাসিক ওয়াক্ফ বাদ পড়ার আশঙ্কা তৈরি করে, এখনো মুসলিম সমাজের মাথার ওপর ঝুলন্ত তলোয়ারের মতো রয়েছে।
এসডিপিআই পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা এই দমনমূলক আইনবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাবে এবং তারা আত্মবিশ্বাসী যে, চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট ন্যায়বিচার করবে এবং এই দমনমূলক ওয়াক্ফ সংশোধনী আইনকে পুরোপুরি স্থগিত করবে।








