‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অঙ্গীকার যাত্রার প্রস্তুতি তুঙ্গে
অতসী মন্ডল, নতুন পয়গাম, উলুবেড়িয়াঃ
নারী নির্যাতনের ক্রমবর্ধমান নৃশংস ঘটনায় উদ্বিগ্ন সমগ্র সমাজ। শিশু থেকে প্রবীণ— প্রতিদিনের লাঞ্ছনা, ধর্ষণ ও সহিংসতার সংবাদে ভয়ের আবহ ছড়িয়ে পড়েছে ঘর-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাঙ্গনে। এই পরিস্থিতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একজোট করার লক্ষ্যে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ‘নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা’।
আগামী ৯ ডিসেম্বর রোকেয়া দিবস থেকে ১৬ ডিসেম্বর নির্ভয়া দিবস পর্যন্ত রাজ্যের গ্রাম, শহর, বন্দর ও রাজপথ জুড়ে চলবে এই কর্মসূচি। যাত্রার সমাপ্তি হবে কলকাতার কলেজ স্কোয়ারে, বিদ্যাসাগর মূর্তির পাদদেশে।
অঙ্গীকার যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি চলছে জোরকদমে। ৪ ডিসেম্বর বাগনান স্টেশন চত্বরে চিত্রশিল্পীদের উদ্যোগে রং-তুলির মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো হবে। ১৪ ডিসেম্বর ঐতিহাসিক উলুবেড়িয়া শহরে ঝাড়গ্রাম থেকে আগত মহিলা অভিযাত্রীদের নিয়ে হবে অঙ্গীকার যাত্রা। সেদিন বিকাল ৩টায় উলুবেড়িয়া স্টেশন থেকে লক গেট পর্যন্ত পদযাত্রা এবং বিকেল ৫টায় গরুহাটা ময়দানে সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই উদ্যোগ সফল করতে হাওড়া গ্রামীণ জেলার ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অভ্যর্থনা কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে। সম্পাদক পম্পা সরকার, ডা. দীপঙ্কর পতি, অনুরাধা ঘোষসহ ডাক্তার, অধ্যাপক, শিক্ষক ও আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণে শুরু হয়েছে প্রচার, সভা এবং স্বেচ্ছাসেবক সংগ্রহ অভিযান। বিশেষজ্ঞদের মতে, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আন্দোলনকে আরও শক্তি দিচ্ছে।








