বড়জোড়া থেকে কলকাতার পথে নাম বাদ পড়া ভোটাররা, সঙ্গে তৃণমূল নেতৃত্ব
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলমান ধরনা মঞ্চে যোগ দিতে বড়জোড়া থেকে রওনা দিলেন নাম বাদ পড়া একদল ভোটার ও তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাউরি সমাজের একাধিক মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এঁদের সকলেরই অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
কলকাতা যাত্রার আগে কালিদাস মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “আমাদের এলাকার বহু মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। আমরা তাদের পাশে আছি এবং সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেছি।” তিনি আরও জানান, বড়জোড়া ব্লকের পল্লীশ্রী, মানাচর-সহ একাধিক এলাকায় ৪০০-রও বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। প্রশাসনের সর্বোচ্চ স্তরে এই সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ তাঁর।
বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে কালিদাসবাবু বলেন, “নির্বাচন কমিশনের মতো একটি স্বশাসিত সংস্থাকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। ভারত স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মতো নির্লজ্জ দলদাস ভারতবর্ষ আগে কখনও দেখেনি।” তিনি আরও বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের উপর নির্বাচন কমিশনের অহেতুক হয়রানির বিরুদ্ধে আদালত থেকে গণদেবতার দরবারে অর্থাৎ ধরনায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।”
গ্রামের প্রান্তিক অংশের গরিব মানুষদের এই হয়রানি বন্ধ না হলে তৃণমূল কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বড়জোড়া ব্লক সভাপতি। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহল উত্তপ্ত। শাসকদল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে কলকাতায় ধরনা মঞ্চে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকেও নাম বাদ পড়া ভোটাররা কলকাতায় গিয়ে ধরনায় অংশ নিচ্ছেন।








