ভয়েস পাবলিক স্কুলে ছাত্রীদের ৩য় বছর আন্তঃশাখা ক্রীড়া প্রতিযোগিতা
নতুন পয়গাম, জঙ্গিপুর:
দু’দিন ব্যাপী ভয়েস পাবলিক স্কুলে ছাত্রীদের ৩য় বছর আন্তঃশাখা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ২২ ও ২৩ নভেম্বর প্রতিযোগিতায় ভয়েস পাবলিক স্কুলের ৮টি গার্লস ক্যাম্পাসের প্রায় ৭০০ জন ছাত্রী অংশ নেয়। এই প্রতিযোগিতা ঘিরে মুর্শিদাবাদের ভয়েস পাবলিক স্কুলের মঙ্গলজোন কলেজিয়েট গার্লস ক্যাম্পাসে ছিল উৎসবের মেজাজ। স্কিপিং, কক ফাইট, ব্যাডমিন্টন, রিলেরেস, খো-খো, স্পুন রেস, বুক ব্যালেন্স, রবীন্দ্র ও নজরুল গীতি নাচ সহ প্রায় ৩০টির বেশি ইভেন্টে অংশগ্রহণ করে ছাত্রীরা।
জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় মঙ্গলজোন কলেজিয়েট ক্যাম্পাস এবং সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় মালদা লক্ষ্মীপুর ক্যাম্পাস।
প্রতিষ্ঠানের সেক্রেটারি ডঃ জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভয়েস পাবলিক স্কুল। বিভিন্ন ক্যাম্পাসের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ভাব বিনিময়কে এক সুতোই বাঁধা ছিল এই খেলার মূল উদ্দেশ্য। স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে মোমেরিনা বলেন প্রথম বছর মালদা, দ্বিতীয় বছর ছাবঘাটি আর এই বছর ঙ্গলজোন কলেজিয়েট ক্যাম্পাসে মেয়েদের আন্তঃশাখা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ভবিষ্যতে আমরা পড়াশোনার পাশাপাশি আরও বড় আকারে এই খেলা পরিচালনা করব।
স্কুলের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান বিশ্বাস বলেন, আমাদের মেয়েরা এর আগেও পড়াশোনা ও খেলাধুলা উভয় ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। ক্রীড়াক্ষেত্রে যাতে তারা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, সেই দিকটিও আমরা খেয়াল রাখছি। ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি সব সময় ওদের পাশে আছি ।








