চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম
নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, চাকুলিয়া: পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় অনুষ্ঠিত হল এক নজিরবিহীন ইফতার মাহফিল। সোমবার চাকুলিয়ার শিরশি আই.এম. সিনিয়র হাই মাদ্রাসা ময়দানে আয়োজিত এই বিশাল ইফতার অনুষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষের ঢল নামে বলে আয়োজক সূত্রে জানা গেছে। বিপুল জনসমাগমে গোটা ময়দান কার্যত জনসমুদ্রে পরিণত হয় এবং এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। এই বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করে রমজান আলি মেমোরিয়াল ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন চাকুলিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ ভিক্টর। রমজান মাসের পবিত্রতা, সংযম এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।বিকেল গড়াতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে শিরশি আই.এম. সিনিয়র হাই মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হতে শুরু করেন।
শুধু উত্তর দিনাজপুরই নয়, মালদহ, কিষাণগঞ্জ, কাটিহারসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন। সন্ধ্যার আগেই পুরো ময়দান ভরে যায় মানুষের ভিড়ে। হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে বসে একসঙ্গে ইফতার করেন, যা এক বিরল দৃশ্যের সৃষ্টি করে। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিহার রাজ্যের কাটিহার বিধানসভার বিধায়ক সাকিল আহমেদ, কিষাণগঞ্জ বিধানসভার বিধায়ক এজহারুল হক, মালতিপুরের প্রাক্তন বিধায়ক আল বেরুনি সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্ব। ইফতারের জন্য খেজুর, অত্যাধুনিক ফলমূল, শরবতসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর বিশাল আয়োজন করা হয়। এত বিপুল সংখ্যক মানুষের জন্য সুষ্ঠুভাবে ইফতারের ব্যবস্থা করতে দিনভর কাজ করেন শতাধিক স্বেচ্ছাসেবক। শৃঙ্খলাবদ্ধভাবে পুরো আয়োজন পরিচালনা করা হয়, যা উপস্থিত মানুষের প্রশংসা কুড়িয়েছে।
প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ ভিক্টর তাঁর বক্তব্যে বলেন, প্রতিবছরই আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। কিন্তু এবারের সমাগম অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এত মানুষের ভালোবাসা ও উপস্থিতি আমাদের আরও বড় দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, রমজান মাস মানুষকে সংযম, ত্যাগ এবং মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সব মিলিয়ে প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এই বিশাল ইফতার মাহফিল উত্তর দিনাজপুর জেলার অন্যতম বৃহত্তম সামাজিক সমাবেশ হিসেবে নজর কাড়ে। এত বড় পরিসরে সফলভাবে এই আয়োজন করে প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ ভিক্টর কার্যত গোটা বাংলাকেই চমকে দিয়েছেন বলে মনে করছেন উপস্থিত অনেকেই।








