উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ হুগলি জেলার উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর হয়ে উঠেছে। একের পর এক চুরির ঘটনায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না। কয়েটি চুরির ঘটনায় চোর কে গ্রেপ্তার করলেও চুরি কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। মাঝে কিছুদিন চুরির ঘটনা বন্ধ থাকলেও আবারো নতুন করে পরপর একাধিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্কিত উত্তরপাড়ার মানুষজন। জানা গেছে, সোমবার সন্ধ্যে নাগাদ উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃতা সরকার ঘন্টাখানেকের জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন। ফিরে এসে দেখেন, ঘরের ভেতর সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। তার অভিযোগ, আলমারি, ড্রয়ারের সব তালা ভাঙ্গা। সোনার গহনা সহ বেশ কিছু টাকা চুরি গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গৃহকর্ত্রীর অভিযোগ, পুলিশী নিষ্ক্রিয়তার সুযোগে এখানে সন্ধ্যা হলেই নেশাখোরদের উৎপাত বাড়ে। এলাকার মানুষ এই ঘটনায় পৌরসভার দিকেও অভিযোগের আঙুল তুলেছে। তাদের অভিযোগ পৌরসভার কাছে বারবার দাবি করা হলেও এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পৌরসভা দায়বদ্ধ হলেও তারা কোন সদর্থক ভূমিকা পালন করছে না। চুরি বন্ধের জন্য তারা আবারও ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি পাশাপাশি চুরির ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিককালে উত্তরপাড়া থানা এলাকারই হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় শোরগোল পড়ে যায়। সাঁতারুর সেই চুরি যাওয়া পদক উদ্ধার হবার পর আবারও চুরি হয় বাড়িতে। শুধু তাই নয়, কিছুদিন আগে দিনেরবেলায় পথচলতি এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী দুষ্কৃতি। তাই উত্তরপাড়া থানা এলাকায় চুরি ছিনতাই নিয়ে বেশ চিন্তিত শহরবাসী। পুলিশ জানিয়েছে চোরের খোঁজ চলছে।








