শামির আগুনে পুড়লো উত্তরাখণ্ড,আগরকরকে মোক্ষম জবাব উপেক্ষিত নায়কের।
নতুন পয়গাম:
এতদিন যুদ্ধ চলছিল মুখে মুখে।তবে খেলোয়াড়রা বোধহয় মুখে নয়,মাঠেই তাদের জবাব দেন।এদিনও যেমন মনে হল-বাংলার ঘরে মাত্র ৩ পয়েন্ট আসছে,তখনই জ্বলে উঠলেন বিশ্বকাপ স্পেশালিষ্ট। চার চারটে উইকেট নিয়ে বাংলাকে জয়ের ট্রাকে ফেরালেন তিনি।
ফলে রঞ্জি ট্রফির অভিযান জয় দিয়েই শুরু করল বাংলা। উত্তরাখণ্ডকে ইডেনে হারিয়ে দিল ৮ উইকেটে। পরের ম্যাচে বাংলার প্রতিপক্ষ গুজরাত।
আজ বাংলার অন্য বোলাররাও দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন। তারপর প্রয়োজনীয় রান দাপটের সঙ্গেই তুলে ফেললেন অভিমণ্যু,সুদীপরা।
তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে হতাশ করছিলেন বাংলার বোলাররা। উত্তরাখণ্ডের রান ছিল ৬৭ ওভারে ২ উইকেটে ১৬৫। অধিনায়ক কুণাল চান্দেলাকে (২৩৫ বলে ৭২) লেগ বিফোর করে প্রথম ধাক্কাটি দেন সেই মহম্মদ শামি। এরপর উইকেট পেতে শুরু করেন আকাশ দীপ, ঈশান পোড়েলরা। ৭৮.৩ ওভারে ১৭৩ রানে তৃতীয় উইকেট পড়েছিল। সেখান থেকে স্কোর দাঁড়ায় ৮৪.৫ ওভারে ৬ উইকেটে ১৮৯।
উত্তরাখণ্ডের বাকি ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখান শামিই। ৯৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আউট করেন যথাক্রমে জন্মেজয় যোশী ও রাজন কুমারকে। রাজন বোল্ড হতেই উত্তরাখণ্ড গুটিয়ে যায় ৯৬.৪ ওভারে ২৬৫ রানে।
ভূপেন লালওয়ানি ২২, যুবরাজ চৌধুরী ৩৫ ও অভয় নেগি ২৮ রান করেন। শামি ৭টি মেডেন-সহ ২৪.৪ ওভারে ৩৮ রান খরচ করে চার উইকেট নিলেন। ম্যাচে ৭ উইকেট নেওয়ায় তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে। আকাশ দীপ ও ঈশান পোড়েল ২টি করে এবং সুরজ সিন্ধু জয়সওয়াল ও বিশাল ভাটি ১টি করে উইকেট পেয়েছেন।প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে
বাংলার সামনে জয়ের টার্গেট ছিল ১৫৬ রানের। চা বিরতির কিছুক্ষণের মধ্যেই জয় ছিনিয়ে নেয় বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় ৩৫ বলে ১৬, সুদীপ কুমার ঘরামি ৪৭ বলে ৪৬ রান করেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৬টি চারের সাহায্যে ৮২ বলে ৭১ ও বিশাল ভাটি ১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। রাজন কুমার ও অভয় নেগি নেন একটি করে উইকেট।
শামি ম্যাচের পর গ্যালারিতে উপস্থিত দর্শকদের দেদার অটোগ্রাফ দিলেও সাংবাদিকদের এড়িয়ে ইডেন ছাড়েন। এদিনই তিনি নিজের বাড়ি ফিরলেন। ফিরবেন ২২ তারিখ। হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা প্রশংসা করলেন ক্রিকেটারদের জয় ছিনিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় খিদে দেখে।
তবে যে খিদে এখনও শামির মধ্যে আছে,তা বোধহয় অস্ট্রেলিয়ার ফার্স্ট পিচে কাজে লাগানো যেত।








