উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস পালন
জসীমুদ্দিন মোল্লা, নতুন পয়গাম, উস্থি:
শিশু দিবস উপলক্ষে উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন বেলুন ও কাগজের ফুলে সাজিয়ে তোলা হয়। শিশুদের উজ্জ্বল হাসি আর উৎসবের আমেজে ভরে ওঠে চারদিক।
পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব—ছোট্ট শিক্ষার্থীরা ছড়া, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের করতালিতে উৎসাহ পেয়ে খুদে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর হাতে বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকেরা। পাশাপাশি সব শিক্ষার্থীর মধ্যে পেন ও পেনসিল বিতরণ করা হয়। এতে শিশুদের আনন্দ আরও বেড়ে যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ—নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই তাদের লক্ষ্য। আনন্দমুখর পরিবেশে শেখার সুযোগ করে দিতেই এই আয়োজন।
দিনভর হাসি-আনন্দে মুখরিত ছিল বিদ্যালয় চত্বর। দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু মাংস-ভাতের আহার। শিশু দিবসের এই অনুষ্ঠান রঙিন স্মৃতি ও ভালোবাসায় পরিণত হয়ে শিক্ষার্থীদের জন্য হয়ে রইল এক সত্যিকারের উৎসব।







