আসছে ইউজার ফ্রেন্ডলি অ্যাপ ঘরে বসেই সংশোধন করা যাবে আধার
নতুন পয়গাম,
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর:
এবার চালু হচ্ছে আধার অ্যাপ! ঘরে বসে নিজে হাতে এক ক্লিকেই নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর ইত্যাদি চেঞ্জ করা যাবে এই অ্যাপে। অর্থাৎ নিজে নিজেই আধার কার্ডের তথ্য সংশোধন করা যাবে। এতদিন এসব করতে হলে ব্যাঙ্ক, পোস্ট অফিস কিংবা সহজ তথ্যমিত্র কেন্দ্রের সামনে পিঁপড়ের মতো লম্বা লাইনে হত্যে দিয়ে পড়ে থাকতে হত। দীর্ঘ অপেক্ষা করতে হত তীর্থের কাকের মতো। কয়েক ঘণ্টা পর বরাতজোরে কাউন্টারের সামনে গিয়ে হত মুখ ব্যাজার। কারণ, লিঙ্ক ফেলিওর অথবা সার্ভার ডাউন। অগত্যা মাছি তাড়িয়ে, মশা মেরে অনির্দিষ্ট সময় পর্যন্ত ফের অপেক্ষার পালা। কেউ জানে না কতক্ষণে কাজ মিটবে! এই তিক্ত অভিজ্ঞতায় তিতিবিরক্ত আম জনতা।
তাই এবার মুশকিল আসান করতে চলেছে কিউআর কোড বেসড ই-আধার মোবাইল অ্যাপ। ইউজার ফ্রেন্ডলি এই ধন্বন্তরি অ্যাপ তৈরি করছে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া’ বা ‘উদাই’। এই অভিনব অ্যাপের মাধ্যমে ঘরে বসেই করা যাবে আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও জন্ম তারিখের মতো নানাবিধ তথ্যের আপডেট বা সংশোধন। ব্যাঙ্ক, পোস্ট অফিস বা সহজ তথ্যমিত্র কেন্দ্রের জটিল নিয়ম মেনে আর লাইন দেওয়ার চক্কর কাটতে হবে না। নভেম্বর মাসেই মোবাইলের প্লে-স্টোরে সংযোজন হবে এম-আধার অ্যাপ।
জানা গিয়েছে, এই অ্যাপ তৈরির কাজ চলছে জোরকদমে। বড়জোর মাস দুয়েক পরেই চালু হবে। নতুন এই অ্যাপে ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে দেশজুড়ে মিলবে ডিজিটাল আধার পরিষেবা। নভেম্বর থেকে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ এবং রেটিনা বা চোখের তারার স্ক্যান ইত্যাদি বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজ শুরু হবে। এতে আধার কার্ড সংশোধনী বা আপডেট প্রক্রিয়া সহজ হবে। জন্ম সার্টিফিকেট, প্যানকার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, জব কার্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। ঠিকানা ভেরিফিকেশনের জন্য লাগবে ইলেকট্রিক বিল। এছাড়াও থাকবে কিউআর কোড ভেরিফিকেশন পদ্ধতি।








