‘পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ুন’ ভেনিজ প্রেসিডেন্ট মাদুরোকে ট্রাম্পের নিদান
নতুন পয়গাম, ওয়াশিংটন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে ভিন দেশে পালিয়ে যাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন। সূত্রের খবর, ভেনিজ প্রেসিডেন্ট মাদুরো তা পত্রপাঠ প্রত্যাখ্যান করে সবার জন্য ন্যায়বিচার চেয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে ট্রাম্প এই আলটিমেটাম দেন। মাদুরোর সঙ্গে টেলিকথনের বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার রাতে বলেন, ‘হ্যাঁ, আমাদের মধ্যে ফোনে কথাবার্তা হয়েছে। তবে এই আলোচনা ভালো কিংবা মন্দ — কিছুই না। এটি শুধুই একটি ফোনকল ছিল।’
‘মায়ামি হেরাল্ড’ নামে এক মার্কিন মিডিয়া সূত্রে জানা গেছে, ট্রাম্প মাদুরোকে ‘স্পষ্ট বার্তা’ দিয়ে বলেছেন, ‘আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, কিন্তু একটাই শর্ত। তা হল আপনাকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ছাড়তে হবে।’ প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে এও প্রস্তাব দেন যে, তাঁর প্রস্তাব মেনে এখনই পদত্যাগ করলে সপরিবারে পালানোর জন্য নিরাপদ ব্যবস্থা করে দেওয়া হবে।

তবে মাদুরো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পরিবার-সহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষার দাবি করেন। তিনি নির্বাচনের কথা বললেও সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেন। অন্যদিকে, ওয়াশিংটন মাদুরোর সব প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে ‘শিগগির ক্ষমতা ছাড়তে’ বলেছে।
‘মায়ামি হেরাল্ড’ জানিয়েছে, ব্রাজিল, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ট্রাম্পের সঙ্গে প্রথম ফোনালাপ হয়েছিল মাদুরেরা। পরে ট্রাম্প যখন ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণরূপে বন্ধ’ বলে ঘোষণা করেন, তখন মাদুরো দ্বিতীয়বার ফোনালাপের অনুরোধ জানালেও সাড়া পাননি।
এদিকে ট্রাম্পের এই আলটিমেটামের হুমকি বড় আকারের সামরিক পদক্ষেপের মাধ্যমে বাস্তবে কার্যকর হবে কিনা, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। জানা গিয়েছে, মাদুরো ট্রাম্পের সামরিক হুমকিকে ‘ফাঁকা আওয়াজ’ বলে মনে করেন।








