ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ইন্দাস: তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী গ্রামে প্রচারে গেলে তাঁকে দেখে ওই দলের পতাকা হাতে উদ্দাম নাচ এক মাঝবয়সী মহিলার। ইন্দাস বিধানসভা কেন্দ্রের মদনমোহনপুর অঞ্চলের ভাগলপুর গ্রামের এই ঘটনার আকস্মিকতায় প্রাথমিকভাবে বিস্মিত উপস্থিত সকলেই। পরে রেখা দুলে নামে ওই তৃণমূল সমর্থক বলেন, আনন্দে নাচছি। আগে খেতে পেতামনা। এখন লক্ষীর ভাণ্ডার পাচ্ছি, বাড়ি পেয়েছি। চার চার বারবার স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশান হয়েছি। আর এরজন্য মমতাদিকে ধন্যবাদ। একই সঙ্গে ফের তৃণমূলই ক্ষমতায় ফিরছে বলে তিনি দাবি করেন। ইন্দাসের তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাশ্রী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, রুপশ্রী লক্ষীর ভাণ্ডারের মতো প্রকল্পে উন্নয়ন ছড়িয়ে দিয়েছেন সেই আনন্দে মানুষ নাচছে। এই নাচই আগাম বলে দিচ্ছে আমি বিপুল ভোটে জয়ী হবো।








