নলহাটির পাথর খাদানে মর্মান্তিক ধস, ৬ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া
খান সাহিল মাজহার
নতুন পয়গাম, বীরভূম:
দুপুর গড়াতেই বীরভূমের নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে নামল মৃত্যুর কালো ছায়া। আচমকা ধসে চাপা পড়ে মৃত্যু হল ৬ শ্রমিকের, গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। দুপুর একটা নাগাদ ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে শ্রমিকদের আর্তনাদে ভরে ওঠে গোটা খাদান এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে পাথর তোলার কাজ চলছিল জোরকদমে। সেই সময় হঠাৎ ধস নামে এবং শ্রমিকরা চাপা পড়ে যান। দ্রুত উদ্ধারকাজ শুরু হয় অন্য শ্রমিক ও স্থানীয় মানুষদের সহায়তায়। ঘটনাস্থলে ছুটে আসে নলহাটি থানার পুলিশও। ভেঙে পড়া স্তূপ সরিয়ে একে একে উদ্ধার করা হয় শ্রমিকদের। এর মধ্যে ঘটনাস্থলেই ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ৫ জনকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর দুই জনকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমানে।
পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ধ্বসের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুহূর্তের মধ্যে পুরো ঘটনাটি ঘটে যায়, ফলে পালানোর সুযোগ পাননি শ্রমিকরা।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। শোকস্তব্ধ পরিবার, শঙ্কিত স্থানীয়রা—সবার চোখে একটাই প্রশ্ন, আর কত প্রাণ নেবে পাথর খাদানের এই দুর্যোগ?







