অমিত শাহ’র মিছিল ঘিরে যানজট, অসমে ভোগান্তি বাংলার
নতুন পয়গাম ডেস্ক: শুক্রবার অসমে সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ লিগের শেষ ম্যাচ ছিল বাংলার। আর সেখানে চরম ভোগান্তির শিকার বাংলা দল। রাজনৈতিক কর্মসূচির কারণে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারলো সঞ্জয় সেনের দল। প্রায় ৪০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। এমন ঘটনায় স্তম্ভিত ফুটবল মহল। ম্যাচে অসমের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে বাংলা। একমাত্র গোলদাতা আকাশ হেমব্রম। ৫ ম্যাচে ১১ পয়েন্ট বাংলার। গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে বঙ্গ ব্রিগেড। তবে ফুটবল ছাপিয়েও মাঠের বাইরের ঘটনায় তীব্র আলোড়ন ফুটবল মহলে।
অসমে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিছিলের কারণে রাস্তা বন্ধ। প্রথমে কোনও পাইলট কারও জোটেনি বাংলার। যানজটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কোচ, ফুটবলারদের। শেষপর্যন্ত অনেক দেরিতে টনক নড়ে আয়োজকদের। পাইলট কার পাঠিয়ে কোনওরকমে স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয় দলকে। পর্যাপ্ত ওয়ার্ম-আপ ছাড়াই মাঠে নামতে হয় দলকে। এমনকী, সময় বাঁচাতে ১২ মিনিট বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধ। ম্যাচের আগে জার্নিতে কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে বাংলা শিবির। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। বাংলা দল চরম অব্যবস্থার শিকার। এমনটা কোনওমতেই কাম্য নয়।’ সঞ্জয় সেন বললেন, ‘প্রায় সাড়ে তিন ঘণ্টা পা মুড়ে বসে থাকার পর ফুটবল খেলা সত্যিই কঠিন’ আসলে অপেশাদারির মোড়কে মোড়া ভারতীয় ফুটবল দেখাটাই এখন কষ্টকর হয়ে পড়ছে।








