আজ শুরু টি-টোয়েন্টির পরীক্ষা, নজর হার্দিক, শুভমানের দিকে
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গামঃ
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ।তারই প্রস্তুতি স্বরূপ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি ভারত-দক্ষিন আফ্রিকা।
মূলত এই সিরিজের পর একপ্রকার ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টি দলে কারা থাকবে।টেস্ট সিরিজে চুনকামের ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে ওয়ান ডে সিরিজ জয়। এবার টি-২০ লড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রথম ম্যাচ আজ কটকের বরাবাটি স্টেডিয়ামে। এই সিরিজ দিয়েই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হচ্ছে ভারতের। বিশ্বকাপের আগে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচটি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবেন সূর্যকুমাররা। তার মধ্যেই চূড়ান্ত দল বেছে নিতে হবে কোচ গৌতম গম্ভীরকে।
অর্থাৎ, আগামী কয়েক মাস ঝাড়াই বাছাই চলবে জোর কদমে। পারফর্ম করতে না পারলে কমবে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার আশা। তাই ক্রিকেটারদের ভালো করার তাগিদ চোখে পড়াই স্বাভাবিক। যেমনটা দেখা গেল হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে। গতকাল একাই বরাবাটি স্টেডিয়ামে প্র্যাকটিসে নেমে পড়েছিলেন তারকা অলরাউন্ডার। চোটের কারণে দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের বাইরে। এখন পুরো ফিট। খেলেছেন সৈয়দ মুস্তাক আলি টি-২০ ম্যাচও। বরোদার হয়ে বড় রান পাওয়ায় তাঁর আত্মবিশ্বাসও বেড়েছে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচ গিলেরও কামব্যাকের মঞ্চ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্টে ব্যাট করার সময় ঘাড়ে টান ধরায় মাঠ ছেড়েছিলেন। তারপর ভর্তি থাকতে হয়েছিল হাসপাতালে। রিহ্যাবের পর তিনি এখন সুস্থ। ফিটনেস টেস্টে পাশ করায় খেলতে বাধা নেই। সোমবার অনুশীলনে বেশ চনমনেই লেগেছে পাঞ্জাব কা পুত্তরকে।
টি-২০’তে টিম ইন্ডিয়ার একাধিপত্য নতুন নয়। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারত এই ফরম্যাটে অপ্রতিরোধ্য। এশিয়া কাপে পাকিস্তানকে বশ মানিয়ে খেতাব জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলেন গিলরা। পরিসংখ্যানের নিরিখে এই সিরিজে ভারতেরই পাল্লা ভারি।
অভিষেক শর্মা যেরকম ফর্মে আছেন, তাতে চিন্তা বেড়েছে প্রোটিয়া বোলারদের। তাঁর সঙ্গে ওপেন করবেন গিল। কিন্তু ক্যাপ্টেন সূর্যকুমার এখনও ফর্ম হাতড়াচ্ছেন। মিডল অর্ডারে রয়েছে একাধিক বিকল্প। সেরাটা দেওয়া জন্য তৈরি শিবম দুবে, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মারা। পাশাপাশি, অলরাউন্ডারের সংখ্যাও কম নয়। হার্দিক যোগ দেওয়ার পেস বোলিংয়ে ভারসাম্য বাড়ল। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজনই হয়তো খেলবেন। বিশ্রাম কাটিয়ে ফিরছেন যশপ্রীত বুমরাহ। পেস বিভাগে তাঁর সঙ্গী হবেন অর্শদীপ কিংবা হর্ষিত রানা। স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা প্রবল।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও খুব শক্তিশালী। আইডেন মার্করাম, কুইন্টন ডি’কক, রেজা হেনরিকস, টনি ডি’জর্জি, ডেওয়াল্ড ব্রেভিসরা কঠিন পরীক্ষায় ফেলবেন বোলারদের। অলরাউন্ডার করবিন বশ ও মার্কো জানসেন একদিনের সিরিজে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন। অ্যানরিখ নর্তজে যোগ দেওয়ায় দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ বাড়তি অক্সিজেন পেয়েছে। এছাড়া লুঙ্গি এনগিডি, মাপাখারা গতিতে পরাস্ত করতে চাইবেন। স্পিনার কেশব মহারাজও চমক দিতে তৈরি।
তবে খুব অঘটন না ঘটলে ঘরের মাঠে ভারতকে হারানো খুব কঠিন।
আজ ভারত বনাম দক্ষিন আফ্রিকা।
প্রথম টি-২০,।
খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
স্টার স্পোর্টস ও জিও হটস্টারে সম্প্রচার।








