আজ দ্বিতীয় টি-টোয়েন্টি, ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়াচ্ছেন গিল, সূর্য
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
একজন টেস্ট,ওয়ানডে’র অধিনায়ক আর একজন টি-টোয়েন্টি দলের।
প্রথম জন তথা শুভমান গিলের জন্য জায়গা হারিয়েছেন ইনফর্ম ব্যাটার সঞ্জু স্যামসন।
অপরজন তথা সূর্যকুমার যাদব অধিনায়ক কোটায় খেলে যাচ্ছেন।
দুই ক্যাপ্টেনেরই টি-টোয়েন্টিতে রানের খরা চলছে।
মঙ্গলবার কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি জুগিয়েছে। কারণ, মাস দুয়েক পরেই বিশ্বকাপ। হার্দিক ছন্দে থাকা মানে খেতাব রক্ষার লড়াইয়ে বাড়তি শক্তি যোগ হওয়া।
প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে। বৃহস্পতিবার পাঞ্জাবের মুল্লানপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কটকের সহজ জয় ভারতীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে সুখের সংসারে অস্বস্তির কাঁটা শুভমান গিল ও সূর্যকুমার যাদবের অফ ফর্ম। দুই তারকার ব্যর্থতার জেরে গত ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে একেবারে ফ্যাকাশে দেখায়। তবে গিল বা সূর্য জানেন, সঠিক সময়ে কীভাবে জ্বলে উঠতে হয়। মুল্লানপুর যদি সেই মঞ্চ হয়ে ওঠে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বিশ্বকাপের কথা মাথায় রেখে আগামী কয়েক মাস দল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করবেন কোচ গৌতম গম্ভীর। তবে সবার আগে সিরিজ নিশ্চিত করা জরুরি। সেই কারণেই বৃহস্পতিবারের ম্যাচে অভিষেক শর্মার সঙ্গেই ওপেন করবেন গিল। তবে তিন নম্বরে নামা সূর্য শেষ ১৯টি টি-২০ ম্যাচে করেছেন মাত্র ২২২ রান। গড় ১৩.৮৭। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা চাপে রয়েছেন তিনি। সেই কারণেই অধিনায়কের ব্যাটিং অর্ডার বদল হতে পারে।
হার্দিক পান্ডিয়া গত ম্যাচে ঝোড়ো ব্যাটিং করায় উপরের দিকের ব্যর্থতা ঢাকা পড়ে যায়। পাশাপাশি মিডল অর্ডারে তিলক ভার্মা, অক্ষর প্যাটেলও ভরসা জুগিয়েছেন। লোয়ার মিডলে শিবম দুবে, জিতেশ শর্মার মতো মারকুটে ব্যাটার থাকায় দক্ষিণ আফ্রিকার বোলারদের ঘুম উড়ে গিয়েছে।
প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা লেটার মার্কস নিয়েই উত্তীর্ণ। প্রতিপক্ষকে ৭৪ রানে অল-আউট করাটা অবশ্যই বড় সাফল্য। নতুন বলে বাঁ হাতি অর্শদীপের সঙ্গে বুমরাহর জুটি ক্লিক করছে। তাঁদের মধ্যে কেউ ব্যর্থ হলে ব্যাক আপ হিসেবে রয়েছেন হার্দিক, দুবে। স্পিন বিভাগে অক্ষর অনবদ্য। আর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর ঘূর্ণির সামনে হামাগুড়ি দিতে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের।
একটা ম্যাচ দিয়ে অবশ্য কোনও দলেরই শক্তি যাচাই করা ঠিক নয়। খাতায় কলমে প্রোটিয়া ব্রিগেড খুবই শক্তিশালী। কুইন্টন ডি’কক, আইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিসরা আইপিএলে জাত চিনিয়েছেন। তাই ভুল শুধরে তাঁরা যে কোনও সময় চ্যালেঞ্জ ছুড়তে পারেন ভারতকে। মিডল অর্ডারে কিলার মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেনরা ম্যাচ উইনার হিসেবে অতীতে প্রমাণ করেছেন নিজেদের।
গত ম্যাচে অ্যানরিখ নর্তজে, কেশব মহারাজকে তেমন ছন্দে পাওয়া যায়নি। ফলে প্রোটিয়াদের বোলিং পরের দিকে জমাট লাগেনি। বরং নতুন বলে লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ভারতীয় ব্যাটারদের অনেক বেশি বিপাকে ফেলতে সক্ষম।
তবে সব নজর নিশ্চয়ই থাকবে গিল,সূর্যের ব্যাটের দিকে।
আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখিঃ
ভারত-দক্ষিন আফ্রিকা
খেলা শুরু সন্ধ্যা ৭টায়।
স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে সরাসরি সম্প্রচার।








