নবাবপুরে তিন দিনব্যাপী দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা
নতুন পয়গাম, সেখ আব্দুল আজিম, চন্ডীতলা: নবাবপুর অঞ্চলের গুড়গুড়ি পোতা সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় তিন দিনব্যাপী দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নবাবপুর অঞ্চল ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে। খেলাকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ মোশরাফ আলী, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, পঞ্চায়েত সদস্যবৃন্দ, ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাদের মল্লিক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী মানুষ। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জুবায়ের টনচ সেন্টার মল্লিকপাড়া এবং গুড়গুড়ি পোতা সমাজ কল্যাণ সমিতি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় জুবায়ের টনচ সেন্টার মল্লিকপাড়া। বিজয়ী ও রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি প্রদান করা হয়। পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ খেতাবপ্রাপ্ত ক্রিকেটারদেরও পুরস্কৃত করা হয়।
তিন দিনব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতায় আট বছর থেকে আশি বছর বয়সী দর্শকরা সমানভাবে খেলা উপভোগ করেন। মাঠজুড়ে ছিল উৎসাহ, উদ্দীপনা ও ক্রীড়া চেতনার আবহ। অনুষ্ঠান শেষে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিক ইকবাল মল্লিক এবং গুড়গুড়ি পোতা সমাজ কল্যাণ সমিতির সদস্য আসমাউল মোল্লা (ওরফে মালি) জানান, তিন দিনের এই ক্রিকেট প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য তাঁরা সকল ক্রীড়াপ্রেমী দর্শক, খেলোয়াড় ও উপস্থিত অতিথিদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।








