ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: হুমায়ুন কবীরের নেতৃত্বে মুর্শিদাবাদের ১১ লক্ষ মানুষের ভোটাধিকার রক্ষায় বহরমপুরে জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন কর্মসূচি পালিত হল বুধবার। আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) চেয়ারম্যান হুমায়ুন কবীরের দাবি, SIR-এর নামে প্রহসন করে জেলার প্রায় ১১ লক্ষ বৈধ ভোটারের নাম ‘বিচারাধীন’ করে রাখা হয়েছে। এই সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে হাজারো মানুষের জমায়েত ও প্রতিবাদী পদযাত্রায় কেঁপে উঠল বহরমপুর। ডেপুটেশনে দলটি দাবি জানায়, অবিলম্বে ১১ লক্ষ বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ভোটার তালিকা সম্পূর্ণ সংশোধন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা চলবে না। একজন বৈধ নাগরিকের নামও যেন তালিকা থেকে বাদ না যায়, তা সুনিশ্চিত করতে হবে। হুমায়ুন কবিরের নেতৃত্বে ১১ জনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে এই মর্মে স্মারকলিপি পেশ করেন। মনে রাখবেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে লড়াই আরও তীব্র হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন হুমায়ুন কবীর। উল্লেখ্য, নদিয়ার থানারপাড়ার লক্ষ্মীপুরে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুমায়ুন কবীর। ওইদিনই হরিহরপাড়ার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত হয় ‘দাওয়াত-ই-ইফতার’। যেখানে উপস্থিত হন এলাকার হাজার হাজার রোজাদার মানুষ।








