নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ঘটনাস্থল পরিদর্শন
নতুন পয়গাম, নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদ এলাকায় একটি বেসরকারি সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করল মানবাধিকার সংগঠন সিপিডিআরএস (CPDRS)-এর একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দুপুরে সংগঠনের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় গুদামের বাইরে থেকে তালা বন্ধ রাখা অবস্থাতেই ভেতরে কাজ চলছিল। ফলে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে মারাত্মক সমস্যা তৈরি হয়। এই অব্যবস্থার কারণেই এত বড় প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি সংগঠনের।
সিপিডিআরএস রাজ্য কমিটির সদস্য সুজয় দাস এই ঘটনাকে “শুধু মর্মান্তিক নয়, বরং অমানবিকতার জলন্ত দৃষ্টান্ত” বলে অভিহিত করেন। তিনি বলেন, এই ধরনের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার ফলেই সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সমস্ত রকম সহায়তা প্রদান করা জরুরি। এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর সুজয় দাস, পুলক দে, ডঃ রেশমা সিং এবং নির্মল ঘোষের নেতৃত্বে চার সদস্যের সিপিডিআরএস ফ্যাক্ট ফাইন্ডিং টিম নরেন্দ্রপুর থানায় গিয়ে পুলিশের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।নাজিরাবাদের এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনের এই পরিদর্শনের ফলে ঘটনার তদন্তে নতুন দিক উঠে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।








