রাসেল ভাইপারের আতঙ্ক, প্রাণ হারিয়েছেন পাঁচ-ছ’জন
আবু রাইহান, নতুন পয়গাম, মালদা:
মালদার কালিয়াচক ও মোথাবাড়ি এলাকায় ফের বেড়েছে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের দাপট। বর্ষা শুরু হতেই হামিদপুর, রাজনগর-সহ গঙ্গাপাড়ের জমিতে সাপের উপদ্রব দেখা দিচ্ছে। কৃষকদের অভিযোগ, আগে এত সাপ ছিল না, তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় প্রতি বর্ষাতেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটছে। শুধু এ বছরেই হারুন রসিদ, এজোরিয়া মণ্ডল, রুহানা খাতুন-সহ পাঁচ-ছ’জনের মৃত্যু হয়েছে। অনেকে অল্পের জন্যে বেঁচে গিয়েছেন।
চাষাবাদ কার্যত বন্ধ হওয়ার পথে, কারণ সাপের ভয়ে কৃষকেরা মাঠে নামতে সাহস পাচ্ছেন না। বড় সমস্যা চিকিৎসা পরিকাঠামো—স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি ভেনম নেই, আর মালদা মেডিকেল কলেজ দূরে হওয়ায় রোগীকে পৌঁছতে গিয়েই মৃত্যু হচ্ছে। স্থানীয়রা অন্তত উপ-স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি ভেনম রাখার দাবি তুলেছেন। সিলামপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH) মুস্তাফিজুর রহমান জানান, “গত এক মাসে ৯ জন সাপে কামড়ের রোগী ভর্তি হয়েছেন, যাঁদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তর বলছে, দ্রুত হাসপাতালে পৌঁছালে প্রাণ বাঁচানো সম্ভব।”







