দেবপাড়া চা বাগানে জোড়া চিতাবাঘের আতঙ্ক
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি:
নাগরাকাটার খেরকাটায় চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের জোড়া চিতাবাঘ ঘিরে আতঙ্ক ছড়াল বানারহাটের দেবপাড়া চা বাগানে।
বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিক ও চৌকিদাররা কাজে যোগ দিতে গেলে তাঁদের নজরে আসে দুটি চিতাবাঘ। দেখা যায়, বাগানের ২৬ নম্বর সেকশনে ঘুরে বেড়াচ্ছে ওই জোড়া চিতাবাঘ। ঘটনাস্থলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।
খবর পেয়ে বাগান ম্যানেজার সঙ্গে সঙ্গে ঐ সেকশনে কাজ বন্ধ করে দেন। শ্রমিকদের নিরাপত্তার জন্য ওই এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। খবর যায় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কাছে।
পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন। পটকা ফাটিয়ে চিতাবাঘদের তাড়ানোর চেষ্টা হয় এবং নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি শ্রমিকদের সতর্ক করে দেন বনকর্মীরা। আজ, বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই সেকশনে বাগধারা খাঁচা পাতার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে দেবপাড়া চা বাগান জুড়ে।







