রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে
নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, মালদহ: রমজানের একমাসের সংযম সাধনার পর শনিবার সারা দেশের সঙ্গে মালদহ জেলাজুড়েও সাড়ম্বরে পালিত হল পবিত্র ঈদ-উল-ফিতর, খুশির ঈদ। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের মসজিদ ও ইদগাহ ময়দানগুলোতে ভিড় জমায় হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ। বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে অনুষ্ঠিত হয় ইদের নামাজ। মালদহ শহরের সুভাষপল্লী ইদগাহ ময়দানে প্রতি বছরের মতো এবারও হাজার দশেক মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সকলেই একে অপরকে আলিঙ্গন করে “ঈদ মোবারক” জানিয়ে খুশির ভাগাভাগি করে নেন। অন্যদিকে, গাজোলের বিভিন্ন মসজিদ ও ইদগাহ প্রাঙ্গণেও খুশির ঈদের আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়। হাজার হাজার মানুষ নামাজের কাতারে শামিল হয়ে বিশ্বশান্তি ও সৌভ্রাতৃত্বের প্রার্থনা করেন।
মালদহ শহরের কোতুয়ালির মিঞাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণেও যথাযথ ধর্মীয় আচার মেনে ইদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। কোতুয়ালি গণি পরিবারের উদ্যোগে নমাজিদের জন্য মুখ মিষ্টির ব্যবস্থা করা হয়। এছাড়াও, মালদহ শহরের হায়দারপুর এলাকায় মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মহিলাদের পৃথক ইদের জামাত। সেখানে মহিলারা দেশ ও সমাজের মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন। নামাজ শেষে তাঁরাও একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হবিবপুর ব্লকের আইহো, বক্সীনগর ও লালচাঁদপুর জুমা মসজিদ সংলগ্ন ইদগাহ ময়দানেও ব্যাপক উৎসাহে পালিত হয় খুশির ঈদ। একইভাবে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি ও সামুন্ডী এলাকাতেও কয়েক হাজার মানুষ সকাল সকাল ইদের নামাজ আদায় করেন এবং পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন।
এদিকে, কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ইদগাহ ময়দানে রাজ্যের প্রথম বৃহত্তম জামাতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করেন নামাজিরা। গোটা আয়োজনকে ঘিরে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। পীরান-ই-পীর দরগা শরিফেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষজন প্রথমে মাজারে দোয়া প্রার্থনা করেন, এরপর ইদের নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে সকলেই একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। সব মিলিয়ে, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও আনন্দের বার্তা নিয়ে মালদা জুড়ে পালিত হল খুশির ঈদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় পরিণত হয় ইদের এই উৎসব, যা আবারও প্রমাণ করে—ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার এক মহা মিলনোৎসব। আনন্দ, ভালোবাসা ও শান্তির এই বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র এই প্রার্থনাতেই শেষ হল এবারের ঈদ উদযাপন।








