হাওড়া জেলায় লিটিল ম্যাগাজিন পান্থপাদপ সাহিত্য পত্রিকা-র আত্মপ্রকাশ
সেখ মইদুল আলি
নতুন পয়গাম, হাওড়া:
শনিবার হাওড়ার বাঁকড়া বাদামতলা গার্লস হাই স্কুলে আত্মপ্রকাশ পেল কবি সফিকুল ইসলাম সরদার-এর সম্পাদনায় প্রান্থপাদপ সাহিত্য পত্রিকা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আলোচনা, আবৃত্তি ও স্বরচিত কবিতাপাঠ ও গুণীজন সংবর্ধনা। এদিন প্রান্থপাদপ থেকে ‘সাহিত্যের ছুটি ছুটি’ পত্রিকার সম্পাদক কবি সেখ মহিবুর রহমান-কে লিটিল ম্যাগাজিনে বিশেষ অবদানের জন্য ‘প্রান্থপাদপ বন্দে আলী মিঞা সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়। এদিনের সাহিত্য মঞ্চ থেকেই মাফুজা খাতুনের সম্পাদনায় সমসাময়িক বাংলা সাহিত্যের পাঁচজন কবির যৌথ কাব্যগ্রন্থ ‘শোলার হাতে লজ্জাবতীর পাতা’-র প্রচ্ছদ প্রকাশিত হয়। প্রধান অতিথি হিসাবে সাপ্তাহিক উস্ওয়া এক্সপ্রেসের সম্পাদক সেখ কামারুল ইসলাম তার বক্তব্যে বাংলা সাহিত্যে লিটিল ম্যাগাজিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলা সাহিত্যে লিটিল ম্যাগাজিনের আবির্ভাব প্রচলিত ধারনার বিপরীতে এক নতুন ধারায় সাহিত্য আন্দোলন সৃষ্টি করেছে। সাংস্কৃতিক জগতে, সামাজিক পরিবর্তনে এই লিটিল ম্যাগাজিনগুলির ভূমিকা অপরিসীম’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদামতলা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ড. মিনু পাল মহাশয়া। তিনি বলেন, ‘আজকের সময়ে সু-সংস্কৃতি ফিরিয়ে আনতে পান্থপাদপের মতো সাহিত্য পত্রিকার উদ্যোগ জরুরী’। এই সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে থাকতে পেরে তিনি উচ্ছ্বসিত। উনি সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন। সাহিত্য ও সাহিত্য পত্রিকার বিষয়ে আলোচনা করেন সাহিত্যিক ওয়াকিব মণ্ডল, সেখ হাসান ফেরদাউস মহাশয় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সুলেখিকা মাফুজা খাতুন, সাহিত্যের ছুটি ছুটি পত্রিকার সম্পাদক কবি মহিবুর রহমান, নতুন পয়গামের সংবাদদাতা সেখ মইদুল আলি ও অন্যান্য বিশিষ্ট গুণীজন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা সুদেষ্ণা মণ্ডল মহাশয়া। উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে সম্পাদক সফিকুল ইসলাম সরদার বলেন, ‘প্রান্থপাদপ’ নবীন সাহিত্যিকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কাজ করে যাবে। তাদের সামনে স্বাধীন চিন্তা ও পরীক্ষামূলক একটি সাহিত্য মঞ্চ তুলে ধরতে তিনি উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।








