পাকিস্তানে আবার সেই পুরনো ট্রাডিশন,ওয়ানডে’তে আবার অধিনায়ক বদল
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে তাদেরকে হারানো থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ডেরায় গিয়ে তাদের হারানোর মতো অসাধ্য সাধন করা পাক-ক্যাপ্টেন রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড।আসলে এটা যেন পাকিস্তানে একটা ট্রাডিশন হয়ে দাঁড়িয়েছে। সামান্য পদস্খলনেই কোপ পড়ে অধিনায়কের উপর।এবারও ব্যতিক্রম হল না।
বদলে গেল পাকিস্তানের এক দিনের ক্রিকেটের অধিনায়ক। মহম্মদ রিজ়ওয়ানকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শাহিন আফ্রিদিকে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক বদলের কথা জানিয়ে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রিজওয়ান এবং আফ্রিদি দু’জনেই খেলছেন। কেন রিজওয়ানকে সরানো হল, তার কোনও ব্যাখ্যা পাক বোর্ডের বিবৃতিতে জানানো হয়নি। এমনকি ওই বিবৃতিতে রিজ়ওয়ানের নামও উল্লেখ করা হয়নি। পাক বোর্ড শুধু জানিয়েছে, ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ’, আগেই জানিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি লিখেছিলেন হেসন। সেখানেই নেতৃত্ব বদলের কথা জানিয়েছিলেন তিনি। তবে যাকেই নতুন অধিনায়ক করা হোক না কেন, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে রিপোর্টে।
২০২৪ সালে পাকিস্তানের এক দিনের দলের অধিনায়ক করা হয়েছিল রিজওয়ানকে। অস্ট্রেলিয়া, জ়িম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় তাঁর নেতৃত্বেই জিতেছে দল। কিন্তু পরে ঘরের মাঠে ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় ও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর চাপে ছিলেন রিজওয়ান।
‘জিয়ো নিউজ’-এর রিপোর্টে বলা হয়েছিল, রিজওয়ান সরলে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আফ্রিদিই। আরও দু’জনের নাম শোনা গিয়েছিল। টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সলমন আঘা ও পুরনো অধিনায়ক বাবর আজম। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাবরই পাকিস্তানের অধিনায়ক ছিলেন। কিন্তু ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে খারাপ খেলার পর নেতৃত্ব ছেড়ে দেন তিনি। কিন্তু নতুন অধিনায়ক বেছে নেয় পাক বোর্ড।
২০২৪ সালের জানুয়ারিতে আফ্রিদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ১-৪ ফলে সিরিজ হারার পর রিজওয়ানের মতো একই পদ্ধতিতে তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছিল। সেবার দায়িত্ব দেওয়া হয়েছিল বাবরকে।
ক্যাপ্টেন্সি খুঁইয়ে রিজওয়ান বা ক্যাপ্টেন্সি পাওয়া শাহীন আফ্রিদি; কেউই কোনো মন্তব্য করেননি।








