আগামীকাল আবু ধাবিতে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত আইপিএল নিলাম,নজর যাদের দিকে
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গামঃ
কাল শুরু আইপিএল নিলাম। অংশ নিচ্ছেন ৩৫০ ক্রিকেটার। স্লট ফাঁকা ৭৭। তাদের মধ্যে কাকে পেতে সবচেয়ে বেশি ঝাঁপাবেন টিম মালিকরা?একনজরে দেখে নেওয়া যাক!
সবচেয়ে বেশি পার্স ৬৪.৩ কোটি নিয়ে ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স।
ক্যামেরন গ্রিন: ২০২৩-এর নিলামে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে ১৭.৫ কোটিতে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পরে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন। গত দুই মরশুমে ভালো খেলার পরেও তাঁকে রিলিজ করে দিয়েছে বেঙ্গালুরু। তাই গ্রিন এবার নিলামে। অবশ্য অলরাউন্ডার নয়, তিনি নাম নথিভুক্ত করেছেন ব্যাটার হিসেবে। মনে করা হচ্ছে, নিলামে তাঁকে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি চড়া দর হাঁকবে।
বেঙ্কটেশ আয়ার: গতবার তাঁকে ২৩.৭৫ কোটি দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মোহভঙ্গ হয়েছে টিম ম্যানেজমেন্টের। তাই বেঙ্কটেশকে রিলিজ করে দিয়েছে কেকেআর। এবার দেখার তিনি কত টাকা পান এবং কোন দলে যোগ দেন। তেমন হলে কম টাকায় বেঙ্কটেশকে ফের কিনে নিতে পারবে কেকেআর। লখনউ সুপার জায়ান্টসও মিডল অর্ডার শক্তিশালী করার জন্য ঝাঁপাতে পারে। তবে অতীতে দেখা গিয়েছে, এই ধরনের ক্রিকেটাররা অবিক্রীত থেকে গিয়েছেন।
লিয়াম লিভিংস্টোন: দুর্ধর্ষ অলরাউন্ডার। ডেথ ওভারে ঝড় তুলতে পারেন। স্পিনার হিসেবে ব্রেক-থ্রু দিয়েছেন বহু ম্যাচে। তাই নিলামে গতবার আরসিবি ৮.৭৫ কোটিতে লিভিংস্টোনকে নিয়েছিল। তবে রিলিজ করে দিয়েছে। আসরে ম্যাক্সওয়েল না থাকায় লিভিংস্টোনের ভালো দর পাওয়ার সম্ভাবনা দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
হাসারাঙ্গা: বহু ক্ষেত্রে আইপিএলের ম্যাচে স্পিনাররাই হয়ে ওঠেন নায়ক। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা সেই কারণেই এবারের নিলামে আকর্ষণের কেন্দ্রে। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঝাঁপাতে পারে তারকা স্পিনারের জন্য।
জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক: ওপেনার হিসেবে পাওয়ার প্লে’তে দ্রুত রান তুলতে পারেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। গতবার ছিলেন দিল্লি ক্যাপিটালসে। এবার তরুণ এই ব্যাটারের প্রতি আগ্রহ দেখাতে পারে কেকেআর, পাঞ্জাব কিংস।
রবি বিষ্ণোই: ভারতের এই লেগ স্পিনার নিলামের ডার্ক-হর্স। দারুণ প্রতিভার অধিকারী তিনি। ম্যাচ উইনার হিসেবেই বিবেচিত। তাই চেন্নাই সুপার কিংস ছাড়াও দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স বিষ্ণোইকে দলে নেওয়ার জন্য দর হাঁকতে পারে।
জনি বেয়ারস্টো: এবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ কে পাবেন, তা নিয়ে চর্চা তুঙ্গে। ক্যামেরন গ্রিনের সঙ্গে এই ব্যাপারে জোর টক্কর হতে পারে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। মারকুটে এই উইকেটকিপার ব্যাটারকে টার্গেট করতে পারে কেকেআর। দিল্লিও ঝাঁপাতে পারে তাঁর জন্য।তবে গ্রিন সবার উপরে থাকবে বলে ওয়াকিবহাল মহলের খবর।








