কবি অসীম ভট্টাচার্য’র সুতো ও গ্রন্থি কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি:
সুতোকে যেভাবে গ্রন্থিতে বেঁধে একটা বড় শৃঙ্খল তৈরি করা যায়, তেমনি প্রতিটি বর্ণ অক্ষর শব্দকে এক একটি গ্রন্থিতে বেঁধে যে কবিতামালা তৈরি করা যায় সেটা উপলব্ধি করেছিলেন কবি অসীম ভট্টাচার্য। সেই মুন্সিয়ানায় আদ্যোপান্ত “সুতো ও গ্রন্থি” Thread & Knot শিরোনামে একটা একক কাব্যগ্রন্থ তৈরি করে ফেললেন কবি অসীম ভট্টাচার্য। সেই কাব্যগ্রন্থটিই রবিবার ব্যতিক্রমীভাবে একযোগে প্রকাশ করলেন কবি’র পরিবারের সদস্যেরা। আজ চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ শহর গ্রন্থাগারের সভাকক্ষে এক সাহিত্যানুষ্ঠানে কবির অগ্রজ সুদীপ্ত ভট্টাচার্য সহ পরিবারের সদস্যদের হাতে গ্রন্থটি তুলে দেন কবি স্বয়ং।
উল্লেখ্য, কাব্যগ্রন্থটি ৪০ টি কবিতা নিয়ে একইসঙ্গে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা হয়েছে যা পাঠকূলের কাছে বেশ সমাদৃত হয়েছে। গ্রন্থটি প্রকাশের প্রাক মুহূর্তে ছায়াবৃত্ত প্রকাশনের প্রকাশক কবি হরিৎ বন্দ্যোপাধ্যায় গ্রন্থটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। সুতো ও গ্রন্থি এই কাব্যগ্রন্থটি সম্পর্কে কবি দীপক রঞ্জন ভট্টাচার্য, কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক অতনু কুমার বসু প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন।
এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি নবীন ও উদীয়মান কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি প্রবীর রায়চৌধুরী, দীপক রায়, বিশিষ্ট গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, সিক্তা গোস্বামী সহ বহু কবি গল্পকারেরা।








