সাগরপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাইকের মুখোমুখি সংঘর্ষে নাবালকের মৃত্যু — আহত দুই
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রমারি এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক নাবালকের, আহত হয়েছেন আরও দুইজন।
মৃতের নাম মুকুল ইসলাম ওরফে রাসিকুল মণ্ডল (১৭), স্থানীয় বাসিন্দা। আহত দুই বাইক আরোহী হলেন মানারুল খান (৪০), ডোমকলের বাসিন্দা এবং সামসুজ্জোহা মিঞা (৬০), কুঠীর মোড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত গতিতে বাইক চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দে সংঘর্ষের পর এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাবালক মুকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ পরিবারে কান্নার রোল পড়েছে গোটা গ্রামে।







