বিহারে জোড়া আসনে তেজস্বী, মুখোমুখি পিকে-লালুপুত্র, দুই হেভিওয়েটের সম্মুখ সমরে হাইভোল্টেজ রাঘোপুর
নতুন পয়গাম, পাটনা:
বিহারে বিধানসভা নির্বাচনের সমীক্ষায় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে এগিয়ে আছেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। এমতাবস্থায় শোনা যাচ্ছে, এবার দু’টি আসন থেকে প্রার্থী হতে পারেন আরজেডি-র তরুণ-তুর্কি নেতা তেজস্বী। এর মধ্যেই একটি হল লালু পরিবারের খাসতালুক রাঘোপুর। পাশাপাশি মধুবনির ফুলপরাস আসন থেকেও তিনি লড়তে পারেন। এই আসনে গতবার ১১ হাজার ভোটে জিতেছিল নীতীশ কুমারের দল। আবার রাঘোপুর থেকেই ‘জন সুরাজ পার্টি’র প্রধান প্রশান্ত কিশোরও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সেটা হলে রাঘোপুর হাইভোল্টেজ আসন হবে। কারণ, দুই হেভিওয়েট প্রার্থী লড়বেন এখান থেকে।
অতীতে এই রাঘোপুর থেকেই বারবার জিতেছেন আরজেডির প্রতিষ্ঠাতা সুপ্রিমো বিহারের একাধিকবারের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়িদেবী। লালু অবশ্য পরে মাধেপুরা থেকে লোকসভায় একাধিকবার জয়ী হন। আবার ২০১৫ সালে এই রাঘোপুর আসন থেকেই প্রথমবার ভোটে লড়ে বিজেপি প্রার্থী সতীশ কুমারকে ৩৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছিলেন তেজস্বী যাদব। সেই নিরিখে বলা যায়, রাঘোপুর হল যাদব পরিবারের গড় বা দুর্গ। তাই এই আসনে দাঁড়ালে ভোট কুশলী হয়েও পিকে তেমন সুবিধা করতে পারবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।








