আবেগতাড়িত হয়ে শপথ গ্রহণ করলেন বাঁশবেড়িয়ার নতুন পুরপ্রধান তাপস মুখার্জি
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
হুগলি জেলার বাঁশবেড়িয়া পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে মঙ্গলবার শপথ গ্রহণ করলেন পাঁচবারের বর্ষীয়ান পুর সদস্য তাপস মুখার্জি। প্রাক্তন পুরপ্রধান আদিত্য নিয়োগীর পদত্যাগের একুশ দিন পর এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পুরপ্রধান হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত এবং নাগরিকদের পক্ষে সেই প্রস্তাবে সমর্থন জানান উপ-পুরপ্রধান শিল্পী চ্যাটার্জি।
বাঁশবেড়িয়া পুরপ্রধান কার্যালয়ে জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন আধিকারিক পার্থ কর্মকার যখন তাঁকে শপথ বাক্য পাঠ করান, তখন আবেগে ভেঙে পড়েন তাপস মুখার্জি। শপথের পর তিনি জানান, প্রাক্তন পুরপ্রধান আদিত্য নিয়োগী তাঁর সমসাময়িক বন্ধু এবং রাজনৈতিক সহযোদ্ধা। সাড়ে তিন বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর তাঁর পদত্যাগের পরে পুর-বোর্ডের বাকি দেড় বছরের মেয়াদ এক কঠিন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, পুরসভা পরিচালনায় আদিত্য নিয়োগীর পরামর্শ নিতে তিনি আগ্রহী।
পুরসভার আর্থিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধায়ক তপন দাশগুপ্ত জানান, উন্নয়নে যাতে বাধা না পড়ে তার জন্য তিনি তাঁর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পুরসভাকে ১০ লক্ষ টাকা অনুদান দেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জিলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, প্রাক্তন বিধায়ক ও জিলা পরিষদ সদস্য মানস মজুমদারসহ অন্যান্য পুর সদস্যরা। তবে প্রাক্তন পুরপ্রধান আদিত্য নিয়োগী চিকিৎসাজনিত কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।







