কঙ্গনাকে হেনস্থার আর্জি জানিয়ে বিতর্কে তামিল নেতা
নতুন পয়গাম, চেন্নাই,
১৯ সেপ্টেম্বর: কয়েক মাস আগে চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছিলেন এক তরুণী সিআরপিএফ জওয়ান। কারণ হিসেবে তিনি বলেছিলেন, নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা যেখানেই যান সেখানকার মানুষকে অপমান করেন। এবার তামিলভূমে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকে দেখলেই সপাটে চড় মারার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন এক কংগ্রেস নেতা। কে.এস আলাগিরি বলেছেন, তামিলনাড়ুতে কঙ্গনা যেখানেই যাবেন সেখানেই তাঁকে যেন হেনস্তা করা হয়। এই বিতর্কিত মন্তব্য নিয়ে বিতর্ক চরমে উঠেছে। এ প্রসঙ্গে কঙ্গনা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘তামিলনাড়ুতে আমি যাবই। কে কী বলল, তাতে কিছু যায় আসে না। তামিলরা আমাকে বালবাসেন। কে কী বলল, তাতে কিছু যায় আসে না।’
শীঘ্রই তামিলনাড়ু সফরে যাওয়ার কথা হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ কঙ্গনা রানওয়াত। সেকথা জেনেই কংগ্রেসের বরিষ্ঠ নেতা আলাগিরি বলেন, আমি তামিল কৃষকদের বলব, উনি যদি এখানে আসেন তাহলে কয়েকমাস আগে বিমানবন্দরে এক মহিলা জওয়ান সেটা করেছিলেন (চড় মারা), আপনারাও সেটাই করবেন। তাহলে উনি নিজের ভুল বুঝতে পারবেন। কঙ্গনা ফের মহিলাদের অপমান করেছে বলে অভিযোগ তুলে আলাগিরি বলেন, সম্প্রতি উনি কৃষকদের উদ্দেশে বলেছেন ওরা ১০০ টাকা পেলে যে কোনও জায়গায় চলে যেতে পারেন।








