সিডনির ‘বীর’ আহমেদ ইহুদি: নেতানিয়াহু
নতুন পয়গাম, তেলআবিভ:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া আল আহমেদকে প্রথমে ‘ইহুদি বীরত্ব’ দেখানোর জন্য প্রশংসা করেছিলেন। তবে পরে তিনি জানতে পারেন, বন্ডাই সৈকতে অসংখ্য প্রাণ বাঁচানো এই ‘বীর’ আসলে একজন মুসলিম।
সিরিয়ায় জন্ম ৪৩ বছর বয়সী ফল ব্যবসায়ী আল-আহমেদের। এই মাঝবয়সি মুসলিম হামলাকারী এক বন্দুকবাজকে পিছন থেকে জাপটে ধরেন। তিনি তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে রাতারাতি সারা বিশ্বে হিরো বনে যান। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমি একজন ইহুদির ভিডিও দেখেছি। ওই ব্যক্তি হত্যাকারীদের একজনকে জাপটে ধরে অস্ত্র কেড়ে নিয়ে না জানি তিনি কত ইহুদির জীবন বাঁচিয়েছেন। একেই বলে ইহুদি বীর।’
পরে যখন নেতানিয়াহু ইংরেজিতে অস্ট্রেলিয়ান সরকারের ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ করেন, তখন নেতানিয়াহু নিজেকে শুধরে নিয়ে বলেন, ‘আমরা একজন সাহসী মানুষের কাজ দেখেছি, পরে জানা গেল তিনি একজন মুসলিম। আমি তাঁকে স্যালুট করি, যিনি সন্ত্রাসীদের একজনকে নিরপরাধ ইহুদিদের হত্যা করা থেকে বিরত রেখেছিলেন।’
সবথেকে দুঃখজনক হল, নেতানিয়াহু ও অন্যান্য ইসরাইলি নেতারা বারবার অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে এদিনের বন্দুকবাজ হামলার সঙ্গে যুক্ত করেছেন।








