ধর্মান্তরণ মামলায় ৫ রাজ্যকে সুপ্রিম-নোটিশ
নতুন পয়গাম
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: ধর্মান্তরণ বিরোধী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলায় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থান অর্থাৎ ৫টি বিজেপি শাসিত রাজ্য সরকারের কাছে জবাব চেয়ে নোটিশ জারি করল শীর্ষ আদালত। আদালত সূত্রে খবর, মামলাকারীদের দাবি, এই ধরনের আইন সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর। এরই প্রেক্ষিতে এদিন রাজ্য সরকারগুলোর বক্তব্য জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি বি.আর গাভাই এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে তাদের বক্তব্য জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে মাস দেড়েক পর। এই মামলার প্রধান আবেদনকারী হল ‘সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস’ নামে এক বেসরকারি সংস্থা। এদিন আদালতে তাদের পক্ষে আইনজীবী চন্দ্রোদয় সিং সওয়াল করে যুক্তি দেখান — উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড ও কর্ণাটকের মতো রাজ্যগুলোতে এই আইন আসলে সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থী।
এছাড়াও তিনি বলেন, এসব আইনে ভিনধর্মে বিবাহকে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। আইন সংশোধনের পর তা এতবেশি কঠোর করা হয়েছে যে, অভিযুক্তদের জামিনের সুযোগও কার্যত নেই বললেই চলে। এমন আইনে ব্যক্তি স্বাধীনতার অধিকারের পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার এবং সংবিধান প্রদত্ত সব রকমের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন মামলাকারী সংস্থার আইনজীবী চন্দ্রোদয় সিং।








