হঠাতই উলটপুরান হরভজন সিং-এর,বিতর্ক আবু ধাবিতে
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
খেলার মাঠে ফলাফল যাইহোক,বর্তমানে ভারত-পাক মাঠের বাইরেও যেন যুযুধান প্রতিপক্ষ। তার প্রমান পাওয়া গেছে এশিয়া কাপে।ভারত;পাক একাধিক ম্যাচে মুখোমুখি হলেও,করেননি করমর্দন। মতামত এসেছিল পক্ষে-বিপক্ষে।তবে করমর্দন না করার পক্ষে সবথেকে বেশি সরব হওয়া হরভজন করে বসলেন আশ্চর্য কাজ।মেলালেন পাকিস্তান ক্রিকেটারের সাথে হাত।
আবুধাবি টি–১০ লিগের মতো পেশাদার লিগে খেলছেন হরভজন সিং। সেখানে আসপিন স্ট্যালিয়ন্সের অধিনায়ক ভাজ্জি। বুধবার নর্দার্ন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেই ম্যাচে হারে ভাজ্জির দল। হারের পরই পাকিস্তানের বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে করমর্দন করেন হরভজন। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।
এটা ঘটনা, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের তিনটি ম্যাচেই পাক ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম হ্যান্ডশেকের রাস্তায় যায়নি ভারতীয় দল। মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিলেন হরমনপ্রীতরা। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেও পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। চমকপ্রদভাবে এই হরভজন সিংই লেজেন্ডস লিগ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামতে রাজি হননি। তিনিই এবার পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন। স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম নিয়েছে। আর বিতর্ক আরও বাড়ছে তাঁর রাজনৈতিক পরিচয়ের জন্য।কেননা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এখন আম আদমি পার্টির সাংসদ। আর সেকারণেই বিতর্ক আরও বেড়েছে।এখন দেখার জল কতদূর গড়ায়।








