এসএসসি: নবম-দশম শিক্ষক নিয়োগে ৪০ হাজার নামের তালিকা প্রকাশ
নতুন পয়গাম, কলকাতা:
প্রায় ৪০ হাজার যোগ্য প্রার্থীকে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাকছে এসএসসি। এই পর্বে মূলত এদের তথ্য যাচাই প্রক্রিয়া হবে। শুক্রবার রাতে এই তালিকা ওয়েবসাইটে আপলোড করে এসএসসি। নবম-দশমে শূন্যপদ ২৩,২১২টি। মোট পদের ১.৬ গুণ প্রার্থীর ইন্টারভিউয়ে ডাক পাওয়ার কথা। সেই হিসেবে ৩৭ হাজারের কিছু বেশি প্রার্থীকে ডাকার কথা ছিল। তবে, তার চেয়ে অনেক বেশি প্রার্থী ‘কাট অফ মার্কস’ পেয়েছেন। ফলে ইন্টারভিউয়ে অনেক বেশি প্রার্থীকে ডাকতে হচ্ছে। এসএসসি-র অনুমান, নবম-দশমের প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে সম্ভব নয়। এই সময়সীমাই বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাই এসএসসির তরফে সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা দিয়ে আরো তিনমাস সময় চেয়েছে। ৩১ মার্চ পর্যন্ত যাতে এই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই আবেদন শীর্ষ কোর্টে জানিয়েছে এসএসসি। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্যও বাড়তি ১৫ দিন সময় চাওয়া হয়েছে।
সূত্রের খবর, তথ্য যাচাই প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যেই শুরু করে দেবে এসএসসি। পাশাপাশি সুপ্রিম নির্দেশ মেনে নবম-দশম শ্রেণির ইন্টারভিউও শুরু করে দেবে কমিশন। তবে, পুরো প্রক্রিয়া শেষ করতে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত লাগবে বলে অনুমান এসএসসির।








