শিশু দিবসে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিশেষ উদ্যোগ সাগরদিঘীতে
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
শিশু দিবসের উপলক্ষে সারা দেশের সঙ্গে সাগরদিঘীতেও অনুষ্ঠিত হলো নানা কর্মসূচি। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনকে স্মরণ করেই প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় শিশু দিবস। সেই উপলক্ষে সাগরদিঘীর অন্যতম সমাজসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও সত্য ভারতী এক্যাডেমির যৌথ উদ্যোগে মঙ্গলবার ধামুয়া সত্য ভারতী এক্যাডেমি প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত, সাগরদিঘী এস.এন. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শচীন পাল, ট্রাস্টের সম্পাদক ও রক্তযোদ্ধা সঞ্জীব দাস, ট্রাস্টের অন্যান্য সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় ‘গাছের জন্য পদযাত্রা’। প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ—যার লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব মানসিকতার দিকে আরও বেশি করে আকৃষ্ট করা। পাশাপাশি শিশুদের হাতে দেওয়া হয় টিফিন প্যাকেটও।
বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত এদিন বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা থাকবে অনন্য। তাই শিশু দিবসে তাদের জন্য কিছু বিশেষ করার মধ্যেই আমাদের আনন্দ।”
উদ্যোক্তা সঞ্জীব দাস জানান, “শুধু পুঁথিগত শিক্ষা নয়, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা শেখানোও অত্যন্ত জরুরি। তাই এই বিশেষ দিনে আমরা প্রতিটি শিশুদের হাতে অন্যান্য সামগ্রীর পাশাপাশি চারাগাছও তুলে দিয়েছি।”
সাগরদিঘীর এই উদ্যোগে শিশুদের মুখে যেমন ফুটে উঠেছে আনন্দ, তেমনই সমাজে ছড়িয়ে পড়েছে পরিবেশ-রক্ষার একটি সুন্দর বার্তা “একটি শিশু, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ।”







