কালিয়াচকে প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে বিশেষ সহায়তা শিবির
আবু রাইহান, নতুন পয়গাম, কালিয়াচক:
কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধীদের জন্য একটি সহায়তা শিবির অনুষ্ঠিত হলো। রবিবার কালিয়াচকের দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে প্রতিবন্ধীদের হাতে ট্রাই সাইকেল, হুইলচেয়ার, ক্রাচ, অন্ধদের লাঠি, শীতবস্ত্র ও কানের মেশিন তুলে দেওয়া হয়।
এদিন কালিয়াচক এক ও দুই নম্বর ব্লক মিলিয়ে শতাধিক বিশেষভাবে সক্ষম ব্যক্তি শিবিরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও ফয়সাল রাজা, বিএমওএইচ মুস্তাফিজুর রহমান, কালিয়াচক-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৈলাস সরকার, মালদা জেলা বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান, সাইয়েদা ইরাম, জাহিদুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সম্পাদক আউয়াল শেখ জানান, এর আগেও প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, তবে এবারে বৃহত্তর পরিসরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধী সার্টিফিকেটসহ বিভিন্ন সমস্যায় সমিতি আগামীতেও তাদের পাশে থাকবে।
বিশিষ্ট সমাজসেবী সাইয়েদা ইরাম বলেন, বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং তা প্রশংসার যোগ্য।








