নাবালক সন্তানকে নিয়ে দেশে ফিরল সোনালী
বাকি সদস্যদের এখনও ফেরানো হয়নি
নতুন পয়গাম, মালদাঃ প্রায় সাড়ে পাঁচ মাস ধরে বহু জটিলতা মাড়িয়ে অবশেষে বাংলাদেশ থেকে দেশে ফিরতে চলেছেন সোনালি খাতুন। শুক্রবার রাতে মালদায় প্রশাসনের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ হাই কমিশনার অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার ৮ বছরের সন্তানকে মালদা সীমান্তে ভারতীয়দের কাছে হস্তান্তর করেন। তাদের গ্রহণ করতে এদিন মালদা সীমান্তে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ও জেলা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনিক কর্তারা।
সোনালি খাতুন ও তার ছেলেকে ফেরানো হলেও সোনালি খাতুনের স্বামী, সুইটি বিবি ও তার
সন্তানদের এদিন ফেরনো হয়নি। এব্যাপারে প্রশ্ন করা হলে বাংলাদেশ হাই কমিশনার কোন জবাব দেননি।
মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ও জেলা তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন এবং সবাইকে দ্রুত ফেরানোর জোরালো দাবি জানান।
শুক্রবার রাতে মালদায় সোনালি খাতুনের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে । সম্ভবত শনিবার বীরভূমের পাইকরে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে তাকে।
সুত্রের খবর, সোনালী খাতুন গর্ভবতী হওয়া এবং সঙ্গে নাবালক সন্তান থাকায় মানবিক কারণে তাঁদের দ্রুত ফেরানো হয়েছে । তবে তার স্বামী-সহ পরিবারের বাকি সদস্যরা এখনও বাংলাদেশেই রয়েছেন। প্রশাসনিক প্রোটোকলের কারণে তাঁদের ফিরিয়ে আনতে আরও কয়েক দিন লাগতে পারে বলেই মনে করা হচ্ছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, “শুধু সোনালী নয়, বাকিদেরও অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে- এটা অকল্পনীয়।”








