সাগরদিঘী সংগ্রাম সমিতির উদ্যোগে প্রতিটি অঞ্চলে এসআইআর সহায়তা কেন্দ্র
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
রবিবার সাগরদিঘী ব্লকের সর্বত্র “এসআইআর সহায়তা কেন্দ্র” গড়ে তুলল সাগরদিঘী সংগ্রাম সমিতি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন ও কোনো রকম বিভ্রান্তিতে না পড়েন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উত্তর মুর্শিদাবাদ জেলা সংগ্রাম সমিতির সম্পাদক তথা শিক্ষক হাসানুজ্জামান বাপ্পা।
তিনি আরও বলেন, “আমরা চাই কেউ যেন তথ্যের অভাবে বা ভুল বোঝাবুঝির কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। তাই প্রতিটি অঞ্চলে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যেখানে স্থানীয় মানুষজন বিনামূল্যে সাহায্য পাবেন।”
এদিনের উদ্বোধনী ও সচেতনতা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম কনভেনর মুর্শিদ সারওয়ার জাহান, রফিকুল ইসলাম, সহ কিসমত গাদি সাহেবনগর গ্রামের বহু সাধারণ মানুষ।
পুরো অনুষ্ঠানে মানুষদের মধ্যে ছিল উৎসাহ ও সচেতনতার এক ইতিবাচক পরিবেশ।








