‘স্যার’ আসছেন বাংলায় (ব্যানার হের্ডিং)
আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়: নির্বাচন কমিশন
নতুন পয়গাম, নয়াদিল্লি:
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আবারও বললেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এটি কেবল পরিচয়পত্র। অর্থাৎ আধার কার্ড থাকলেই কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক বলে প্রমাণ হয় না। এসআইআর ইস্যুতে সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। তাঁর কথায়, “সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আধার আইন অনুসারেই আধার কার্ড ব্যবহার করতে হবে। যেখানে বলা হয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এটি পরিচয় প্রমাণের নথি।” তিনি এও বলেন, “সুপ্রিম কোর্ট একাধিক রায়ে বলেছে, আধার জন্ম তারিখের প্রমাণ দেয় না।”

এখন প্রশ্ন উঠছে, আধার বা ভোটার কার্ড যদি প্রাথমিক পরিচয়পত্র না হয়, তবে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি? তাহলে কি নাগরিকত্বের প্রমাণ হল জন্ম সার্টিফিকেট? আধার যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে সব ক্ষেত্রে আধারের সঙ্গে লিংক করতে বাধ্য করা হচ্ছে কেন, বা সব ব্যাপারে আধার কার্ড চাওয়া হয় কেন? আবার ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে এই ভোটার কার্ড দেখিয়ে ভোট দিতে হয় কেন? সেই ভোট কীভাবে গ্রহণযোগ্য হয়? আর সেই ভোটের ফলাফলের নিরিখে তৈরি সরকার কীভাবে বৈধ হতে পারে? অতি সম্প্রতি এসআইআর মামলায় দেশের শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে বলেছিল, নাগরিকত্ব নির্ধারণ করার অধিকার নির্বাচন কমিশনের নেই। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। পাশাপাশি আধার কার্ডকে ভোট দেওয়ার ক্ষেত্রে মান্যতা দিতে নির্দেশ দিয়েছিল আদালত।








