এসআইআর: রাজ্যে মৃত ভোটার ৬.৫ লক্ষ, বাদ পড়ছে ১০ লক্ষ নাম
নতুন পয়গাম, কলকাতা:
এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত এরাজ্যে বাদ পড়ছে প্রায় ১০ লক্ষ ভোটদাতার নাম। সোমবার এই তথ্য জানায় জাতীয় নির্বাচন কমিশন। তবে এটা আনুমানিক সংখ্যা, চূড়ান্ত নয়। আপাতত বিএলও-দের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব জানিয়েছে কমিশন। সমস্ত এনুমারেশন ফর্ম জমার পর চূড়ান্ত সংখ্যা জানা যাবে। সুতরাং বাদ পড়া সংখ্যা আরো বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, এখন পর্যন্ত বাদ পড়া ১০ লক্ষের মধ্যে ৬.৫ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে। এ ছাড়াও রয়েছে একাধিক জায়গায় নাম, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও। বাদ পড়ায় সবথেকে এগিয়ে রয়েছে উত্তর কলকাতা। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কতজনের নাম বাদ পড়ল, তা জানা যাবে ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হলে। এদিকে, নির্বাচন কমিশন জানাচ্ছে, ২৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬৪ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। বাকি আছে মাত্র ০.২৫ শতাংশ। ফিলাপ করা ফর্ম ডিজিটাইজেশন বা অ্যাপে আপলোড হয়েছে ৪ কোটিরও বেশি, শতাংশের হিসেবে ৫৯.৪। তবে, এসআইআর নিয়ে বিজেপি বাদে সব দলই কড়া নজর রাখছে। শেষ দিন পর্যন্ত সবার পাখির চোখ এর ওপর থাকবে। বিহার থেকে শিক্ষা নিয়ে বাংলা শেষ দেখে ছাড়বে।








