ওবিসি নীতির পুনর্বহাল ও শিক্ষা–কর্মসংস্থানে সমতার দাবি এসআইও’র
নতুন পয়গাম, তমলুক, ৯ নভেম্বর ২০২৫
দেশের স্বাধীনতার আট দশক পরেও শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সামাজিক বৈষম্য অব্যাহত রয়েছে—এই বাস্তবতাকে সামনে রেখে “ওবিসি নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন ও কর্মসংস্থানের উদ্ভাবন” এই স্লোগানকে মূল থিম করে রাজ্যজুড়ে এক ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের ডাক দিল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (SIO) – পশ্চিমবঙ্গ শাখা।
রবিবার তমলুকে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের আদিবাসী, দলিত ও সংখ্যালঘু ছাত্র–যুব সমাজ এখনও শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার। ওবিসি সংরক্ষণ নীতি বাতিল হওয়ার ফলে এই প্রান্তিক জনগোষ্ঠীর বঞ্চনা আরও গভীর হয়েছে। এই প্রেক্ষিতেই এসআইও আগামী ৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
কর্মসূচির মধ্যে রয়েছে—জেলা প্রশাসকের (DM) ও মহকুমা শাসকের (SDO) কাছে স্মারকলিপি প্রদান, শিক্ষা দপ্তরে দাবি পেশ, পথসভা, মানববন্ধন, দেওয়াল লিখন, পোস্টার লাগানো ও হ্যান্ডবিল বিতরণ। আন্দোলনের শেষ দিনে, ১৯ নভেম্বর দুপুর ১টায় কলকাতার কলেজ স্কোয়ার থেকে বিধানসভা অভিযান অনুষ্ঠিত হবে।
এসআইও পশ্চিমবঙ্গের মূল দাবিসমূহ
সংগঠনের তরফে ১৫ দফা দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
- অবিলম্বে ওবিসি সংরক্ষণ নীতির পুনর্বহাল,
- মুর্শিদাবাদসহ ঘোষিত সব বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন,
- কলেজ–বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু,
- আলিয়া বিশ্ববিদ্যালয়ে সরকারি অনুদান ও হোস্টেল নির্মাণ,
- প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু ও শূন্যপদ পূরণ,
- সব নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত ও নিয়মিতভাবে সম্পন্ন করা,
- মাদ্রাসায় সংখ্যালঘু স্বার্থ রক্ষা করে শিক্ষক নিয়োগ,
- কলেজে দক্ষতাভিত্তিক কোর্স চালু,
- মেডিক্যাল কলেজে পিজি কোর্স বৃদ্ধি,
- মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ (MANF) পুনর্বহাল,
- এবং নিয়মিত “Job Calendar” প্রকাশ ও বাস্তবায়ন।
পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ দাবি
জেলা পর্যায়ে এসআইও-র পক্ষ থেকে অতিরিক্ত কয়েকটি স্থানীয় দাবি জানানো হয়েছে—
- ঘোষিত মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ উন্নয়ন ও পাঠদান শুরু,
- কাঁথিতে একটি সংখ্যালঘু মহিলা কলেজ ও জেলায় ১–২টি সরকারি কলেজ স্থাপন,
- কলেজ ফি বৃদ্ধির প্রতিবাদে কার্যকর পদক্ষেপ,
- বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু,
- এবং জেলার মাদ্রাসায় সংখ্যালঘু শিক্ষাকর্মী নিয়োগে অগ্রাধিকার নিশ্চিতকরণ।
সংগঠনের রাজ্য শিক্ষা সম্পাদক আলি নওয়াজ মণ্ডল বলেন,
“শিক্ষা, সংরক্ষণ ও কর্মসংস্থানের অধিকার শুধু কোনো এক গোষ্ঠীর নয়—এটি সমাজের প্রতিটি নাগরিকের ন্যায্য দাবি। যুব সমাজের ভবিষ্যৎ রক্ষার এই আন্দোলনে সকল সচেতন মানুষকে আমরা পাশে চাই।”
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষা সম্পাদক আলি নওয়াজ মণ্ডল, জেলা সাধারণ সম্পাদক পারভেজ আলম খান, জেলা শিক্ষা সম্পাদক সেক সামাউল আলি, প্রাক্তন জেলা সভাপতি মির্জা সাজিদ ইমরান সহ বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধি ও “শিক্ষা আন্দোলন ২০২৫”–এর জেলা কমিটির সদস্যরা।








