অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল বিক্রির অভিযোগে চাঞ্চল্য সেরগ্রামে
মোহাম্মদ সানাউল্লা, নতুন পয়গাম, নলহাটী:
নলহাটি ১ নম্বর ব্লকের সেরগ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল চুরি করে বিক্রির অভিযোগে উত্তেজনা ছড়াল। রবিবার বিকেলে চার বস্তা ডাল বিক্রির সময় সহায়িকা আয়েশা খাতুনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা।
গ্রামবাসীদের অভিযোগ, আয়েশা খাতুন গর্ভবতী ও শিশুদের পুষ্টিকর খাবার ঠিকভাবে দেন না এবং কেন্দ্রের চাল-ডাল গোপনে বিক্রি করেন। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভাগীয় দফতরে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
অভিযুক্ত আয়েশা খাতুন অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ডাল বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে গ্রামবাসীদের প্রশ্ন—তাহলে তাঁর স্বামীর বাড়ি থেকে দোকানদার রায়হানের কাছে এক কুইন্টাল চার কেজি ডাল এল কোথা থেকে? এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ।
আরও পড়ুন







