শক্তিপুর থানার উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা
নতুন পয়গাম, শক্তিপুর (মুর্শিদাবাদ):
মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় বেলডাঙা ২ ব্লকের শক্তিপুর থানার উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ‘সম্প্রীতি কাপ’ নকআউট ফুটবল প্রতিযোগিতা বুধবার শেষ হল। থানার অধীনে বিভিন্ন অঞ্চল, ক্লাব, স্কুল এবং থানার মিলিত ১০টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
ফাইনালে মুখোমুখি হয় বাজারসৌ হাই স্কুল ও রামনগর পঞ্চায়েত টিম। রামনগর পঞ্চায়েত দল ৪-০ গোলে বাজারসৌ হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ‘মান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন সৌরভ সর্দার এবং ‘মান অফ দ্য সিরিজ’ হন রাহুল হাজরা।
দ্বিতীয় দিনের আরেক আকর্ষণ ছিল মহিলা ফুটবলের প্রদর্শনী ম্যাচ। জেলার নামকরা দুই মহিলা দল—ডন বস্কো স্কুল ও রামনগর দলের খেলায় রামনগর কোচিং ক্যাম্প ২-০ গোলে ডনবস্কো হাই স্কুলকে হারায়। ম্যাচের সেরা হন রিয়া বাগ্দী। দুই দলের বেশিরভাগ খেলোয়াড়ই রাজ্য বা জাতীয় স্তরের দলের হয়ে খেলেন।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর শনিবার শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মাহান্ত আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ড. উত্তম গড়ায়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং বিভিন্ন সম্প্রদায়ের গুণীজন।
অতিরিক্ত বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি স্থগিত থাকলেও অবশিষ্ট খেলা ২৪ সেপ্টেম্বর রামনগর কুটিপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। এদিন পুলিশ সুপার শ্রী কুমার সানি রাজ ওই মাঠেই স্থায়ী ফুটবল কোচিং ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শক্তিপুর থানার হোমগার্ড কর্মী সুরোজ সর্দারের নেতৃত্বে এই কুটিপাড়া মাঠে প্রায় এক দশক ধরে ফুটবল কোচিং ক্যাম্প চলছে। মূলত মেয়েরা এখানে প্রশিক্ষণ নিলেও স্থায়ী ভবন ও বাথরুম না থাকায় নানা সমস্যায় পড়তে হতো। স্থায়ী ক্যাম্প হলে মেয়েদের সুবিধা হবে বলে জানান ইন্দ্রনীল মাহান্ত। এদিন রাজ্যস্তরের স্কুল গেমসে অংশ নেওয়া পাঁচজন মহিলা খেলোয়াড়ের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়।








