রাষ্ট্রসংঘে ভারতের সংখ্যালঘু নিয়ে প্রশ্ন উদ্বিগ্ন সুইজারল্যান্ড, পাল্টা জবাব দিল্লির
নতুন পয়গাম, জেনেভা, ১১ সেপ্টেম্বর:
ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা, বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইস্যুতে রাষ্ট্রসংঘে প্রশ্ন তুলল সুইৎজারল্যান্ড। বুধবার এই মর্মে জেনিভায় মানবাধিকার কমিশনের ৬০তম অধিবেশনে অংশ নিয়ে সংখ্যালঘু নিরাপত্তা ও সংবাদ মাধ্যম ও বাক স্বাধীনতা ইস্যুতে ভারতকে কাঠগড়ায় তুলে এসব অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ করার কথা বলেন সুইস প্রতিনিধিরা।
বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনেই তার পাল্টা জবাব দিল ভারতও। বলল, সুইজারল্যান্ডের এই ধারণা বিস্ময়কর। বাস্তবের সঙ্গে এসব অভিযোগের বিন্দুমাত্র মিল নেই। তাদের কাছে প্রকৃত তথ্যের অভাব রয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের সভাপতি পদ বর্তমানে সুইজারল্যান্ডের হাতে থাকায় এবং কূটনৈতিক কারণেও তাদের বক্তব্য তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পাল্টা জবাবে জেনিভায় নিযুক্ত ভারতীয় দূত ক্ষীতিশ ত্যাগী বলেন, সুইজারল্যান্ড ভ্রান্ত ধারণার ভিত্তিতে প্রসঙ্গটি অবতারণা করেছে। সুইজারল্যান্ড বরং তাদের দেশের বর্ণবিদ্বেষ, বৈষম্য ও বিদেশিদের প্রতি ঘৃণার মানসিকতা কাটিয়ে ওঠার দিকে নজর দিক। ত্যাগী আরো বলেন, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় গণতন্ত্র ভারত। এদেশে বহুত্ববাদ রয়েছে।
উল্লেখ্য, এর আগেও সংখ্যালঘুদের অধিকার, দলিত অনগ্রসর ও তপশিলীদের অধিকার, বাক স্বাধীনতা ইত্যাদি ইস্যুতে আমেরিকা-সহ বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সময় নরেন্দ্র মোদির সরকারকে ভর্ৎসনা করেছে। প্রতিবারই ভারত সরকার তাদেরকে পাল্টা জবাব দিয়ে বলেছে, এসব স্বাধীন দেশ ভারতবর্ষের অভ্যন্তরীন বিষয়। এসব ব্যাপারে ভিন দেশের নাক গলানো মানে ভারতের সার্বভৌমত্বকে অস্বীকার বা লংঘন করা। এবার ইউরোপের দেশ সুইৎজারল্যান্ড এই খোঁচা দিল।








