বিজ্ঞান মডেল উদ্ভাবনে চাঁচল মহকুমায় প্রথম পুখুরিয়া হাই স্কুল
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
শিশু বিজ্ঞান কংগ্রেস-২০২৫’এ বিজ্ঞান মডেল উদ্ভাবনে চাঁচল মহকুমায় প্রথম স্থান দখল করেছে রতুয়া- ২ব্লকের পুখুরিয়া হাই স্কুল।
‘দাদুভাই এর লাঠি’ নামে বিজ্ঞান মডেল নির্মাণ করে নজর কেড়েছে এই স্কুলের দুই ছাত্রী।
জানা গিয়েছে, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) করণের উদ্যোগে মালদা সদর মহকুমা ও চাঁচল মহকুমায় শিশু দিবস উপলক্ষে দুইদিনব্যাপী শিশু বিজ্ঞান কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাসের ঐকান্তিক প্রচেষ্টায় জেলার পড়ুয়াদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধনের লক্ষ্যে এই শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করা হয়। এই প্রসঙ্গে বাণীব্রত দাস জানান, জেলার পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা রয়েছে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য শিশু বিজ্ঞান কংগ্রেস-২০২৫’ এর আয়োজন করা হয়।
চাঁচল মহকুমায় বিজ্ঞান মডেল নির্মাণ ও প্রদর্শনীতে ‘দাদুভাই এর লাঠি’ নামে বিজ্ঞান মডেল প্রশংসিত হয়েছে এবং প্রথম স্থান অর্জন করেছে। পুখুরিয়া হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী স্বর্ণালী ভট্টাচাৰ্য ও অষ্টম শ্রেণির ছাত্রী দীপিকা রজক এই বিজ্ঞান মডেল নির্মাণ করেছে। স্কুলের সহ প্রধান শিক্ষিকা পিয়ালী কুমারের তত্ত্বাবধানে এবং সহ শিক্ষক সুরজিৎ হালদারের নির্দেশনায় স্কুলের দুই ছাত্রী ‘দাদুভাই এর লাঠি’ নামে বিজ্ঞান মডেল নির্মাণ করেছে। ,’দাদুভাই এর লাঠি’র কার্যকারিতা সম্পর্কে স্কুলের ছাত্রী স্বর্ণালী ভট্টাচাৰ্য ও দীপিকা রজক জানিয়েছে,’দাদুভাই এর লাঠি’ বাড়ির দাদুভাই দিদিভাইদের ভীষণ কাজে লাগবে। লাঠির ভাইব্রেটর গ্রামে গঞ্জে দাদুভাই দিদিভাইদের চলার সময় রাস্তায় সাপ, বিছে ও অন্যান্য অনিষ্টকর পোকামাকড় দূরে সরিয়ে দেবে। এছাড়াও এই লাঠিতে টর্চ আছে যা অন্ধকারে রাস্তায় চলাচল করতে সহায়তা প্রদান করবে। সেই সঙ্গে আছে ওষুধ বন্ধনী,যেখানে প্রয়োজনীয় ওষুধপত্র রাখা যাবে। লাঠি টি ব্যাটারি ও সোলার উভয় চালিত।
পুখুরিয়া হাই স্কুলের সহ প্রধান শিক্ষিকা পিয়ালী কুমার বলেন, শিশু বিজ্ঞান কংগ্রেস-২০২৫’ আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জানাই জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাসকে। বিজ্ঞান মডেল উদ্ভাবনে চাঁচল মহকুমায় প্রথম স্থান দখল করেছে আমাদের স্কুল। প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করা নিঃসন্দেহে গর্বের বিষয়।
তিনি আরও জানান, স্কুলকে এই সম্মান এনে দিয়েছে স্কুলের দুই ছাত্রী স্বর্ণালী ভট্টাচাৰ্য ও দীপিকা রজক। স্কুলের সহ শিক্ষক সুরজিৎ হালদারের নির্দেশনায় ছাত্রীরা মডেল নির্মাণ করেছে।আমরা এভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের শিক্ষা সংস্কৃতিকে। শিক্ষক ছাত্রছাত্রী সকলেই বিজ্ঞানমনস্ক ও আদর্শবান নাগরিক হয়ে উঠুক এই কামনা করছি।








