শ্রীরামপুর সংশোধনাগার থেকে নিখোঁজ বন্দি!
কারা কর্তৃপক্ষকে থানায় অভিযোগ করতে নির্দেশ প্রশাসনের
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
শ্রীরামপুর সংশোধনাগার থেকে রাজেশ হাটি নামে এক বন্দি নিখোঁজ হওয়ার ঘটনায় সংশোধনাগসহ জেলা প্রশাসনের কাছে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় প্রকাশ, রাজেশ একটি পক্সো মামলায় অভিযুক্ত হয়ে শ্রীরামপুর সংশোধনাগারে বন্দি ছিলেন গত বছর জুন মাস থেকে। আজ সকালে সংশোধনাগারে ওই বন্দি নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়।
এই প্রসঙ্গে শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার জানান, বিষয়টি জানার পর শ্রীরামপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় এফ আই আর করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দি কিভাবে নিখোঁজ হলো সেই বিষয়টি দেখা হচ্ছে।
জানা গেছে, শ্রীরামপুরের পিয়ারাপুর ষষ্ঠীতলার বাসিন্দা রাজেশ হাটির বিরুদ্ধে রিষড়া এবং মগরা থানায় অভিযোগ রয়েছে।পক্সো মামলাতেও অভিযুক্ত ওই বন্দি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে শ্রীরামপুর সংশোধনাগারের ভিতরে ও বাইরে সিসি ক্যামেরা রয়েছে।তা দেখে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হবে।
ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে।







