চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, জলপাইগুড়িঃ চুলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল বানারহাট থানার পুলিশ। বুধবার সকালে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উদ্যোগে হলদিবাড়ি চা বাগান এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বানারহাট থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে এলাকায় বেআইনি চোলাই মদ তৈরির বিরুদ্ধে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় চোলাই মদ তৈরির একাধিক সরঞ্জাম উদ্ধার করে তা নষ্ট করে দেওয়া হয়।
শুধু অভিযানই নয়, এদিন হলদিবাড়ি এলাকার বিভিন্ন চা শ্রমিক মহল্লায় গিয়ে গ্রামবাসীদের চোলাই মদ তৈরি না করার জন্য সচেতনও করা হয়। বেআইনি মদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের বোঝানো হয় পুলিশের পক্ষ থেকে। তবে এদিনের অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে বানারহাট থানার আইসি সুরজ থাপা জানান, বেআইনি মদের বিরুদ্ধে থানার পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হবে। যদিও বুধবারের অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।








