ভাঙড়ে অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, জখম দুই আধিকারিক
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। আক্রান্তদের মধ্যে রয়েছেন এসআই মনজুর আলম মণ্ডল ও কনস্টেবল রবি রায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি রাস্তার ধারেকার জমি বেআইনিভাবে দখল করে সেখানে নির্মাণকাজ চলছিল। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অভিযুক্তদের পক্ষের কয়েকজন মহিলা কনস্টেবল রবি রায়কে কামড়ে জখম করেন। তাঁকে বাঁচাতে গেলে এসআই মনজুর আলম মণ্ডলকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই আহত পুলিশকর্মীকে উদ্ধার করে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, অবৈধ দখল ও হামলায় যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







