তেজস্বীকে ওয়াকওভার, নীতীশের হার নিশ্চিত বললেন পিকে
নতুন পয়গাম, পটনা:
বিহারে বিধানসভা নির্বাচন ঘিরে পারদ তুঙ্গে। কথা ছিল আরজেডি-র গড় রাঘোপুর থেকে ভোটে লড়বেন ‘জন সুরাজ পার্টি’র সুপ্রিমো তথা ‘ভোটকুশলী’ প্রশান্ত কিশোর। এই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন লালু প্রসাদ যাদবের পুত্র প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাই বলা হচ্ছিল, রাঘোপুর এবার হাইভোল্টেজ সিট। কারণ, তেজস্বী এবং পিকে দুই হেভিওয়েট এই কেন্দ্র থেকে মুখোমুখি ভোটযুদ্ধে অবতীর্ণ হতে চলেছেন। কিন্তু এতদিনের সব জল্পনা খারিজ করে বুধবার পিকে জানিয়ে দিলেন, তিনি দলীয় প্রার্থীদের প্রচারে ব্যস্ত থাকবেন, তাই নিজে ভোটে দাঁড়াবেন না। বরং দলের সংগঠন মজবুত করার কাজ করবেন। তাঁর পরিবর্তে রাঘোপুর থেকে তেজস্বীর বিপক্ষে লড়বেন চঞ্চল সিংহ।
এদিন সংবাদ সংস্থা পিটিআই’কে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানান, জন সুরাজ পার্টির লক্ষ্য বিহারে ১৫০ আসনে জয় হাসিল করা। এর কম পাওয়া মানে হল পরাজয়। বিশেষজ্ঞ মহলের মতে, এবার তেজস্বীর বাজার তুঙ্গে। আবার পিকে এদিন সাফ জানিয়েছেন, বিহারে এনডিএ জোটের হার নিশ্চিত। মেরেকেটে ২৫ আসন পেতে পারে নীতিশ কুমারের দল। অর্থাৎ এবার ধুয়েমুছে সাফ হয়ে যাবে জেডিইউ। উল্লেখ্য, আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে ভোট। ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।








