বিজেপির হুমকিতে প্রার্থী প্রত্যাহারের অভিযোগ পিকে-র
নতুন পয়গাম, পাটনা:
বিহারে বিধানসভা ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয় বলে বিজেপিকে তোপ দাগলেন জন সুরাজ মঞ্চের নেতা প্রশান্ত কিশোর। তাঁর মতে, পরাজয় নিশ্চিত বুঝেই বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন তুলতে নানাভাবে চাপ দিচ্ছে বিজেপি। মঙ্গলবার এই অভিযোগ করে একদা ভোট কুশলী হিসেবে দেশজোড়া খ্যাত পিকে বলেন, বিহার বিধানসভা ভোটে ভাগ্য পরীক্ষায় নেমেছে সব দলই। আমাদের নতুন পার্টিও গণতান্ত্রিক পদ্ধতি মেনে মনোনয়ন জমা দিচ্ছে। কিন্তু বিজেপি মনোনয়ন তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। তিনি নিজে প্রার্থী না হলেও বিহারের সব কেন্দ্রেই (২৪৩)প্রার্থী দিচ্ছে পিকে-র দল।
ইতিমধ্যে জন সুরাজ পার্টির তিন প্রার্থী বিজেপির হুমকিতে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন বিজেপিকেই দুষেছেন প্রশান্ত কিশোর। এদিন পাটনায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এনডিএ এখন হেরে যাওয়ার ভয় পাচ্ছে। তাই তারা বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করাতে হীন কৌশল নিয়েছে। এভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি এখন বিহারে গুজরাট মডেল প্রয়োগ করতে চাইছে। ওই রাজ্যের সুরাটে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। এভাবে অপারেশন লোটাস মানুষ বেশিদিন বরদাস্ত করবে না বলেও বিজেপিকে হুমকি দেন পিকে।








