লাতিন আমেরিকায় যুদ্ধের ঘোষণা পেন্টাগনের
নতুন পয়গাম, ওয়াশিংটন:
লাতিন আমেরিকায় নতুন করে সেনা অভিযান চালাবে আমেরিকা। বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। তাঁর দাবি, লাতিন আমেরিকা থেকে তৎপরতা চালানো ‘মাদক-সন্ত্রাসীদের’ নির্মূল করতে ওয়াশিংটন নতুন এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি লাতিন আমেরিকার জলসীমায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কিছু সামরিক অভিযানও চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে স্থলপথে হামলা চালাতে পারে। এটা হলে সংঘাত বাড়বে। এর মধ্যেই নতুন অভিযানের ঘোষণা দিল ওয়াশিংটন।
পিট হেগসেথ এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিচ্ছি। এই অভিযান আমাদের মাতৃভূমিকে রক্ষা করবে, আমাদের সীমানা থেকে মাদক-সন্ত্রাসীদের নির্মূল করবে।’

তবে ঠিক কবে থেকে এই অভিযান শুরু হবে, কীভাবে হবে, কত বড় মাপের হবে — সেসব কিছু জানাননি তিনি। পেন্টাগনের মুখপাত্রও প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্য ছাড়া নতুন কিছু জানাতে রাজি হননি। তবে সূত্রের খবর, ভেনেজুয়েলায় নতুন করে অভিযানের বিস্তারিত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মার্কিন সেনাকর্তারা। এর মধ্যে স্থলপথে হামলা চালানোর বিষয়টি আছে।
ভেনেজুয়েলায় অভিযান কীভাবে চালানো হবে, এ নিয়ে আলোচনা করতে এই সপ্তাহে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তিন দফা বৈঠক করেন। হোয়াইট হাউসে হওয়া এসব বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, লাতিন আমেরিকায় অভিযান চালাতে যুক্তরাষ্ট্র এফ-৩৫ যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে। পাশাপাশি গত সপ্তাহে ওই অঞ্চলে পাঠিয়েছে মার্কিন বিমানবাহী রণতরি জেরাল্ড ফোর্ড। এই রণতরিতে ৫ হাজার সেনা ও ৭৫টি যুদ্ধবিমান রয়েছে।








